Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ার্ডে যেন তুলো, গজ না পড়ে থাকে, সুপারদের বার্তা স্বাস্থ্যসচিবের

মঙ্গলবার রাতে তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় জখমদের দেখতে পার্কসার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

ওয়ার্ডে যেন তুলো, গজ না পড়ে থাকে, সুপারদের বার্তা স্বাস্থ্যসচিবের
  • ১৫ মে, ২০২৬ ০৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাতে তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় জখমদের দেখতে পার্কসার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওয়ার্ডের জায়গায় জায়গায় গজ, তুলো, ব্যান্ডেজ পড়ে থাকা এবং অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। ঘটনাস্থলে উপস্থিত সুপারকে সতর্ক করে দেন। দ্রুত পদক্ষেপ নিতে বলেন। মন্ত্রীর এই ক্ষোভের কথা স্বাস্থ্যভবনের শীর্ষকর্তাদের কানে যায়। ন্যাশনালের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে কলকাতার পাঁচটি মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষদের স্বাস্থ্যভবনে বলে ডেকে পাঠিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। প্রথমেই ন্যাশনালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অর্ঘ্য মৈত্রকে কড়া ভাষায় তিরস্কার করেন। ডাঃ মৈত্র তাঁর সামনে শূন্যপদের যুক্তি তুলে ধরার চেষ্টা করলে স্বাস্থ্যসচিব তখন তাঁকে বলেন, তাহলে আপনার যুক্তির কথা লিখে জানিয়ে দপ্তরে বলে দিন যে আপনি পারছেন না। এখানেই শেষ নয়। পাঁচ মেডিকেলের ১০ কর্তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে পরিষেবায় গাফিলতি এবং অপরিচ্ছন্নতা কোনোভাবে বরদাস্ত করবে না সরকার। সুপার, ডেপুটি সুপার, সহকারী সুপারদের নিয়ম করে দৈনিক রাউন্ড দেওয়ার ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। জানান, ওয়ার্ডে যেন একটাও তুলো, গজ, ব্যান্ডেজ পড়ে না থাকে। এরই পাশাপাশি স্বাস্থ্যকর্তাদের সচিব জানিয়ে রাখেন, নতুন সরকার আয়ুষ্মান ভারত চালু করছে। তার সূচনার কাজ জোরকদমে শুরু হয়েছে। যে কোনো সময় সরকারি হাসপাতালে পরিদর্শন করতে পারেন বিজেপির মন্ত্রী-বিধায়করা, তাই হাসপাতাল যেন টিপটপ  থাকে, এই বার্তাও দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্যকর্তাদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ