Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশন সংলগ্ন খাবারের হোটেলে স্বাস্থ্যদপ্তরের হানা, অভিযান চালানো হল কুলতলিতেও

স্বাস্থ্যদপ্তরের নজরে হাওড়া স্টেশন সংলগ্ন সাধারণ খাবারের হোটেল

হাওড়া স্টেশন সংলগ্ন খাবারের হোটেলে স্বাস্থ্যদপ্তরের হানা, অভিযান চালানো হল কুলতলিতেও
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, বারুইপুর: স্বাস্থ্যদপ্তরের নজরে হাওড়া স্টেশন সংলগ্ন সাধারণ খাবারের হোটেল। বৃহস্পতিবার দুপুরে একযোগে কয়েকটি হোটেলে অভিযান চালাল হাওড়া জেলা স্বাস্থ্যদপ্তর, হাওড়া পুরসভা ও গোলাবাড়ি থানার আধিকারিকরা। খাবারের গুণমান পরীক্ষা করার পাশাপাশি সংগ্রহ করা হয় নমুনা। খতিয়ে দেখা হয় রান্নার জায়গা, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের ব্যবস্থাও।

Advertisement

অভিযানে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। কয়েকটি জায়গায় শৌচালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বোতলে জল ভরে তা পানীয় জল হিসাবে সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই হোটেল মালিকদের সতর্ক করেন আধিকারিকরা। প্রশাসনের তরফে হোটেল মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রী বা সাধারণ ক্রেতাদের ভালো মানের খাবার এবং পরিশুদ্ধ পানীয় জল দিতে হবে। পচা বা অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণিত হলে শুধু জরিমানা নয়, প্রয়োজনে হোটেল বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও করা হতে পারে। রান্না করা ও খাবার পরিবেশনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা নজরে রাখা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে হাওড়া স্টেশন সংলগ্ন খাবারের হোটেলগুলির বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ ছিল। এবার থেকে ধারাবাহিক অভিযান চলবে।
অন্যদিকে, কুলতলির জামতলা বাজারে খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালাল একাধিক রেঁস্তরা, মিষ্টির দোকান ও বাজারের দোকানে। সরকারি অনুমতি না থাকায় সিল করে দেওয়া হল দুটি দোকান। বৃহস্পতিবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের পাশাপাশি এই অভিযানে ছিলেন কুলতলির বিডিও ও কুলতলি থানার আইসি। খাবারের গুণমান পরীক্ষার পাশাপাশি খতিয়ে দেখা হয় ব্যবসার নথি।

Advertisement
সম্পর্কিত সংবাদ