Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হবিবপুরে জোরকদমে চলছে সাবস্টেশন তৈরি  

বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যার সমাধান করতে জোরকদমে চলছে বিদ্যুতের সাবস্টেশন তৈরির কাজ। এপ্রিলের মধ্যেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। হবিবপুর ব্লকের বেগুনবাড়ি এলাকায় এই সাবস্টেশনের কাজ দ্রুতগতিতে হচ্ছে দেখে খুশি বাসিন্দারা।

হবিবপুরে জোরকদমে চলছে সাবস্টেশন তৈরি
 
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হবিবপুর: বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যার সমাধান করতে জোরকদমে চলছে বিদ্যুতের সাবস্টেশন তৈরির কাজ। এপ্রিলের মধ্যেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। হবিবপুর ব্লকের বেগুনবাড়ি এলাকায় এই সাবস্টেশনের কাজ দ্রুতগতিতে হচ্ছে দেখে খুশি বাসিন্দারা। দীর্ঘদিন লো ভোল্টেজের সমস্যায় জেরবার হবিবপুর ব্লকবাসী। মাঝেমধ্যে পথ অবরোধ থেকে শুরু করে ইলেকট্রিক অফিসে বিক্ষোভের ঘটনা পরিচিত ছবি উঠেছিল বাসিন্দাদের কাছে। বরাবর ব্লকজুড়ে প্রত্যন্ত এলাকায় লো ভোল্টেজের কারণে বাড়িতে লাইট, ফ্যান সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী চালানো কার্যত অসম্ভব ছিল। এই এলাকায় পানীয় জলের স্তর অনেকটা নিচুতে হওয়ায় জল তুলতে সাবমার্সিবলের প্রয়োজন হয়। লো ভোল্টেজ ও লোডশেডিংয়ের কারণে পানীয় জল তোলার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। 
Advertisement
হবিবপুর বিদ্যুৎ দপ্তরের (এসএম) স্নিগ্ধা হেমব্রম বলেন, দ্রুতগতিতে সাব স্টেশনের কাজ চলছে। উদ্বোধনের তারিখ ঠিক করা হয়নি। তবে কাজ শেষ হলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। দপ্তর সূত্রে খবর, এপ্রিলের মধ্যেই পরিষেবা চালু করে দেওয়া হবে। বাসিন্দারা জানান, এলাকার সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। অবশেষে সাবস্টেশন তৈরির কাজ শুরু হতেই স্বস্তি। লো ভোল্টেজ সমস্যা থেকে মুক্তির আশা দেখছেন তাঁরা।  হবিবপুরের বাসিন্দা চন্দন সরকার জানান, গ্রীষ্মকালে এলাকায় বিদ্যুতের সমস্যা অনেক দিনের।  সন্ধ্যের পর অনেক এলাকায় লো ভোল্টেজের কারণে টিমটিম করে লাইট জ্বলে। অন্ধকারে ডুবে থাকে এলাকা।
বাসিন্দাদের অভিযোগ, লো ভোল্টেজের জন্য গ্রামের ধান, গম ভাঙার মিল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিকের যন্ত্র ব্যবহার করা দুর্বিষহ হয়ে পরে। সাবস্টেশনটির তৈরির জন্য বহুদিন অপেক্ষায় রয়েছেন বাসিন্দারা। দ্রুত সেটি নির্মাণ হলে ব্যবসায়িক দিক থেকেও এলাকায় অনেক উন্নতি হবে বলে মনে করছেন তাঁরা। জোরকদমে চলছে কাজ।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ