ঢাকা: বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছাপ্রকাশ করলেন শেখ হাসিনার বোনঝি তথা ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার ব্রিটেন সফরে যাচ্ছেন ইউনুস। সেই সময় হাউস অব কমনসে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের জন্য ইউনুসকে নিমন্ত্রণ জানিয়েছেন টিউলিপ। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধেও দুর্নীতির মামলা দায়ের করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। সেই তালিকায় হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপের নামও রয়েছে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলবও করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সমালোচনা শুরু হতেই গত জানুয়ারিতে ব্রিটেনের অর্থ রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন টিউলিপ। যদিও তিনি দাবি করেছিলেন, প্রভাব খাটিয়ে জমি দখল নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। ইউনুসকে লেখা এক চিঠিতে টিউলিপ বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন যেভাবে শেখ হাসিনার বিষয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করছে, আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে।’ সূত্রে খবর, টিউলিপ যে কোনও দুর্নীতিতে জড়িত নন, সেই সংক্রান্ত সমস্ত নথি ইউনুসকে দেখাতে চান তিনি। যদিও টিউলিপের চিঠি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন ইউনুসের প্রেসসচিব শফিকুল আলম। তিনি রবিবার বলেন, ‘আমরা এখনও পর্যন্ত তাঁর কোনও চিঠি হাতে পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’ ইউনুসের ব্রিটেন সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরানোর লক্ষ্যেই দুজনকে ব্রিটেনে নিয়ে যাচ্ছেন ইউনুস।-ফাইল চিত্র



