কয়েক কোটি টাকার গয়নায় সাজবেন সোনামুখীতে হরেক নামের মা কালী
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উজ্জ্বল পাল, বিষ্ণুপুর: সোনামুখীতে হরেক নামের মা কালী আজ, রবিবার কয়েক কোটি টাকার গয়নায় সাজবেন। তাই নিরাপত্তার জন্য অধিকাংশ মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যে সব মন্দিরে মায়ের গায়ে বেশি গয়না থাকবে, সেখানে শনিবার রাত থেকেই সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০২২ সালে কালী পুজোর সময়েই শহরের তিনটি কালী মন্দিরে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরির ঘটনা ঘটেছিল। যদিও পরবর্তী সময়ে পুলিশ চুরির কিনারা করতে সক্ষম হয়েছিল। তাই পুলিশ নিরাপত্তার ব্যাপারে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয়।

Advertisement

বিষ্ণুপুর মহকুমার এক পুলিশ আধিকারিক বলেন, সোনামুখীতে কালী পুজোয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কয়েকটি মন্দিরে বিসর্জন পর্যন্ত ২৪ ঘণ্টা সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে। বাকি মন্দির এলাকায় পুলিশ নিয়মিত টহল দেবে। এছাড়াও অধিকাংশ মন্দিরে ২৪ঘণ্টা সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। সেই সঙ্গে সিসি ক্যামেরার সাহায্যে গোটা শহর নজরবন্দি থাকবে। পুজো কমিটির সদস্যদেরও সজাগ থাকার জন্য বলা হয়েছে। 
সোনামুখী কালী ও কার্তিক পুজোর সমন্বয় কমিটির কর্মকর্তারা বলেন, সোনামুখীতে বিভিন্ন কালী মায়ের কয়েক কোটি টাকা মূল্যের সোনার গয়না রয়েছে। সারাবছর ওই সব অলংকার ব্যাঙ্কের লকারে থাকলেও পুজোর সময় তা বের করে মাকে সাজানো হয়। সিংহভাগ পুজো কমিটিকে তাঁদের মন্দিরে সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে। পুরসভা এবং পুলিশের তরফেও শহরের বিভিন্ন জায়গায় মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। 
কালী ও কার্তিকের শহর বলে পরিচিত সোনামুখীতে ২০০-র বেশি কালী পুজো হয়। বড়ো কালী, মাইতো কালী, সার্ভিস কালী, পায়রা কালী, ঘুঘু কালী, কৃষ্ণ কালী, সত্য কালী, দক্ষিণাকালী, চামুণ্ডা কালী, তেমাথা কালী, মঙ্গলা কালী সহ বিভিন্ন নামে দেবী পূজিত হন। অধিকাংশ মা কালীর নামের সঙ্গে কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে। আবার বেশ কিছু কালী প্রতিমার উচ্চতা অধিক। শহরের বেশ কিছু মন্দিরে মা কালীর বহু মূল্যের সোনার অলংকার রয়েছে। পুজোর সময় ব্যাংকের লকার থেকে গয়না বের করে মাকে সাজানো হয়।  
পুলিস সূত্রে জানা গিয়েছে, পুজো কমিটির আবেদনের ভিত্তিতে কয়েকটি মন্দিরে ২৪ঘণ্টা সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গড়া হয়েছে। তারা পাঁচদিন ধরে বিশেষ নজরদারি চালাবে। বিসর্জনের দিন সোনামুখী শহরে শোভাযাত্রায় প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। ওইদিন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হবে।            
শহরের মাইতো কালী পুজো কমিটির অন্যতম কর্মকতা হারাধন মেটে বলেন, আমাদের কালী মায়ের প্রচুর গহনা রয়েছে। নিরাপত্তার জন্য কয়েকবছর আগেই আমরা পুলিসের কাছে আবেদন জানিয়েছিলাম। সেই মতো মন্দিরে ২৪ঘন্টা সশস্ত্র পুলিসের ব্যবস্থা করা হয়েছে।   সোনামুখীতে মাইতো কালী মন্দির।