• সাম্প্রতিক অতীতে কখনও অনুরাগ কাশ্যপ, কখনও বা বিবেক অগ্নিহোত্রী নিশানা করেছিলেন বলিউডকে। এবার সেই তালিকায় যুক্ত হল হংসল মেহেতার নাম। তবে বলিউড প্রসঙ্গে পুরোপুরি হতাশ নন তিনি। বরং কীভাবে আবার আগের রাস্তায় ফিরে আসতে পারে ইন্ডাস্ট্রি, তার পথ বলে দিয়েছেন পরিচালক। সদ্য সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন হংসল। তাঁর কথায়, ‘হিন্দি সিনেমার মৃতপ্রায় দশা নয়। তবে নতুন করে শুরু করা উচিত। ইন্ডাস্ট্রিতে বদল প্রয়োজন।’ পরিচালকের মত, অভিনেতাদের উপর ব্যয় করা উচিত, স্টারদের উপর নয়। অনেক ক্ষেত্রেই বলা হয়, দর্শক সিনেমা দেখার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে। সত্যিই কি তাই? পরিচালকের মত, ‘দর্শক আগ্রহ হারাচ্ছেন না। বরং বারবার একই নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগ করা হচ্ছে।’ বিনিয়োগে ঝুঁকি নেওয়া হচ্ছে না বলেই মত পরিচালকের। নতুনদের কাজ নিয়ে আশাবাদী হংসল। তাঁর কথায়, ‘নতুন প্রজন্মের চিত্রনাট্যকার, পরিচালকরা খেলা ঘুরিয়ে দিতে পারেন। তাঁদের সুযোগ দিতে হবে।’



