Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অর্ধেকই নতুন মুখ

পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। তারমধ্যে পুরনোদের পাশাপাশি বেশকিছু আসনে নতুন নামও রয়েছে।

পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অর্ধেকই নতুন মুখ
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও সংবাদদাতা ঘাটাল, বেলদা, খড়্গপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। তারমধ্যে পুরনোদের পাশাপাশি বেশকিছু আসনে নতুন নামও রয়েছে। এতে খুশি দলের নেতাকর্মীরা। জানা গিয়েছে, মেদিনীপুর, গড়বেতা, কেশপুর ও শালবনী বিধানসভায় প্রার্থী বদল হয়নি। সুজয় হাজরা, উত্তরা সিংহ হাজরা, শিউলি সাহা ও শ্রীকান্ত মাহাতর উপরেই তৃণমূল আস্থা রেখেছে। তৃণমূল নেতারা জানাচ্ছেন, এই চারটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসক দল। দলীয় সূত্রে খবর, খড়্গপুর গ্রামীণ, পিংলা ও সবং বিধানসভায় তৃণমূলের প্রার্থী অপরিবর্তিত রয়েছে। দল ভরসা রেখেছে দীনেন রায়, অজিত মাইতি এবং মানস ভুঁইয়ার উপরই। জল্পনার অবসান ঘটিয়ে খড়্গপুর সদর বিধানসভাতে প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারকে টিকিট দিয়েছে তৃণমূল। রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই তাঁরা নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন প্রার্থীরা।

Advertisement

অপরদিকে, রাজনৈতিক জল্পনার বাস্তব প্রতিফলন দেখা গেল ঘাটাল মহকুমার তিনটি বিধানসভার তৃণমূল প্রার্থীদের ক্ষেত্রে। মহকুমার তিনটি বিধানসভার তিনটিতেই এবার নতুন মুখরা প্রার্থী হয়েছেন। এবার টিকিট পেলেন না দাসপুর এবং চন্দ্রকোণা বিধানসভার দুই বিদায়ী বিধায়ক যথাক্রমে মমতা ভুঁইয়া এবং অরূপ ধাড়া। দাসপুরে প্রার্থী হয়েছেন তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি আশিস হুদাইত। অন্যদিকে চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের চন্দ্রকোণা-১ ব্লক সভাপতি তথা চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সূর্যকান্ত দোলই। ২০১১ সাল থেকে তৃণমূলের বিধায়কের পদে থাকা শঙ্কর দোলইকে হারিয়ে ২০২১ সালে ঘাটাল বিধানসভা দখল করেছিল বিজেপি। এবার সেই শঙ্করবাবুকেও টিকিট দেওয়া হয়নি। ঘাটালে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার।অন্যদিকে, দাঁতন, কেশিয়াড়ি ও নারায়ণগড় তিনটি বিধানসভাতেই পুরনো বিধায়কদের ওপর আস্থা রাখতে পারল না তৃণমূল। তিনটে বিধানসভাতেই নতুন মুখ এনেছে দল। নারায়ণগড়ে বিদায়ী বিধায়ক সূর্যকান্ত অট্টের জায়গায় প্রার্থী হচ্ছেন প্রতিভারানি মাইতি। তিনি জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। কয়েকদিন ধরেই তাঁর নাম সামনে আসছিল। কেশিয়াড়িতে দু’ বারের বিধায়ক পরেশ মুর্মুকে সরিয়ে আনা হয়েছে শিক্ষক সংগঠনের জেলা নেতা রামজীবন মান্ডিকে। দাঁতন বিধানসভায় দু’ বারের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিক্রমচন্দ্র প্রধানকে সরিয়ে প্রার্থী করা হয়েছে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে। এদিকে ডেবরার বিদায়ী বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে এবার ডোমকল আসনে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর জায়গায় টিকিট পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব পোড়খাওয়া রাজনীতিবিদ হলেও ডেবরায় এই প্রথম প্রার্থী হলেন। মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা ও অজিত মাইতি বলেন, জয় শুধু সময়ের অপেক্ষা। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

সম্পর্কিত সংবাদ