Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

চাপড়ায় অঙ্গনওয়াড়ি কর্মীর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়া থানার দৈয়ের বাজারের ঢাকাপাড়া এলাকায় এক অঙ্গনওয়াড়ি কর্মীর অর্ধনগ্ন ও রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার বয়স ৫৫ বছর। শুক্রবার সকালে বাপের বাড়ি থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়‌। তাঁকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই মহিলার সহকর্মীরা তাঁর বাড়িতে আসেন। প্রতিদিনের মতো তাঁকে সঙ্গে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু বহুবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তাঁরা স্থানীয়দের খবর দেন। এলাকার কিছু মানুষ এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, তাঁর রক্তাক্ত ও অর্ধনগ্ন দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। মহিলার শরীরে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।‌ স্থানীয়রা তৎক্ষণাৎ চাপড়া থানায় খবর দেন‌। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃতদেহ অর্ধনগ্ন থাকায় যৌন নির্যাতনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুদিন ধরেই ওই মহিলাকে  এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্যক্ত করছিল। তিনি দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকতেন। মৃত মহিলার এক আত্মীয় বলেন, ওঁর শ্বশুরবাড়ি বাঙালঝি এলাকায়। সেখানেই স্বামী ও ছেলে থাকে। দৈয়ের বাজারের বাপের বাড়িতে একাই থাকতেন। ওঁর সহকর্মীরা এসে ডাকাডাকি করছিলেন। সাড়া না পেয়ে আমাদের খবর দেন। আমরা দরজা খুলে দেখি উনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কৃষ্ণনগর পুলিস জেলার এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছি। • ঘটনাস্থলে পুলিস। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ