Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়া উপ নির্বাচন: তৃণমূলের প্রচারের ধাক্কায় দিশাহারা বিরোধী শিবির

হাড়োয়া উপ নির্বাচন: তৃণমূলের প্রচারের ধাক্কায় দিশাহারা বিরোধী শিবির
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে লাগাতার জনসভা করছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা। বুধবার পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জনসভা করেছিলেন হাড়োয়া ও দেগঙ্গায়। বৃহস্পতিবার ও শুক্রবার শাসনের বেলিয়াঘাটা হাই স্কুল মাঠে এবং গোলাবাড়ি হাই স্কুল মাঠে সভা করেন আরও দুই মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসু। এরপর শনিবার ফের দুই মন্ত্রী রথীন ঘোষ ও সুজিত বসু একসঙ্গে বারাসত ২ নম্বর ব্লকের খড়িবাড়ি বাজারে জনসভা করলেন। তৃণমূলের এমন একের পর এক জনসভা ও প্রচারের ধাক্কায় কার্যত দিশাহারা লাগছে বিরোধীদের। এদিনের জনসভায় দুই মন্ত্রী ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, কর্মাধ্যক্ষ মান্নান আলি, ব্লক সভাপতি শম্ভু ঘোষ, দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম বক্তব্য পেশ করেন। 
Advertisement
মন্ত্রী রথীন ঘোষ বলেন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতবে। হাড়োয়ার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বিরোধীরা আগে থেকেই জানেন, এই কেন্দ্রে তারা কেউ জিতবেন না। এটা শুধু নিয়ম রক্ষার লড়াই হচ্ছে। আর বিজেপির সমালোচনা করে মন্ত্রী সুজিত বসু বলেন, দিল্লিতে বিজেপির একটা স্বৈরাচারী সরকার চলছে। এরা বাংলাকে ধর্মের ভিত্তিতে বিভাজন করতে চায়। কিন্তু বাংলার মানুষ বিভাজনে বিশ্বাস করে না। সিপিএমের সমালোচনা করে তিনি বলেন, ওদের এখন একা লড়াই করার ক্ষমতা নেই। তাই পিছন থেকে আইএসএফকে উস্কে দিচ্ছে।
সম্পর্কিত সংবাদ