Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার ফিরহাদের

হাড়োয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার ফিরহাদের
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বসিরহাট: বিজেপি শুধু মামলা করতে জানে, ওরা মানুষের পাশে থাকে না। হাড়োয়ায় উপ নির্বাচনের এক সমাবেশে এই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচার করতে এসেছিলেন তিনি।
Advertisement
বুধবার বিকেলে হাড়োয়ায় এক জনসভায় ভাষণ দেন ফিরহাদ হাকিম, সুজিত বসু সহ তৃণমূলের নেতৃত্ব। ফিরহাদ হাকিম বলেন, সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি। তারা সন্দেশখালির মানুষের নামে কুৎসা রটিয়ে দেশবাসীর কাছে ভুল বার্তা দিয়েছে। ওই সন্দেশখালির বাসিন্দা এক মহিলাকে প্রার্থী করলেও তিনি তৃণমূল প্রার্থীর কাছ কয়েক লক্ষ ভোটে হেরেছেন। বিজেপি হেরে ক্ষান্ত হয়নি, ওরা আমাদের প্রয়াত সংসদের বিরুদ্ধে কোর্টে মামলাও করেছে। গেরুয়া শিবিরের লোকজন শুধু মামলাই করতে পারে, ওরা কখনও সাধারণ মানুষের পাশে থাকে না। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানান ফিরহাদ। মন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির বসিরহাট সংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, আর জি কর কাণ্ড থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতিতে তৃণমূল জেরবার। বুকের পাটা থাকলে হাড়োয়ায় তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাক। মানুষ ঠিক উত্তর দিয়ে দেবে। এই উপ নির্বাচনে হাড়োয়ায় বিজেপি প্রার্থী জিতবেন।
সম্পর্কিত সংবাদ