Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ায় বিজেপি প্রার্থীর জমিতে হামলা, ভাঙচুর শ্যালো মেশিনও

হাড়োয়ায় বিজেপি প্রার্থীর জমিতে হামলা, ভাঙচুর শ্যালো মেশিনও
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার হাড়োয়া উপ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তাতে ওই বিধানসভা কেন্দ্রে তো বটেই, এমনকী নিজের বুথেও হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। এরপর শনিবার রাতেই তাঁর চাষের জমিতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী কেটে দেওয়া হয়েছে পাঁচ বিঘা জমির কলমের আমগাছ। ট্রাক্টর ও জল তোলার শ্যালো মেশিনও ভাঙচুর করেছে তারা। বিমল দাস হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার রাজ্যে বিধানসভার উপ নির্বাচনে ভরাডুবি হয়েছে পদ্মপার্টির। হাড়োয়া কেন্দ্রেও সেই ধারা অব্যাহত রয়েছে। বিজেপি প্রার্থী বিমল দাসের জামানত জব্দ হয়েছে। এদিকে, সদরপুর গ্রামে তাঁর পাঁচবিঘা চাষের জমি রয়েছে। সেখানে ছোট ছোট কলমের আমের চারা বসানো ছিল। অভিযোগ, ভোট গণনা শেষ হওয়ার পরেই রাতে দুষ্কৃতীরা তাঁর চাষের জমির সমস্ত আমগাছ কেটে দিয়েছে।  জমির মধ্যেই গাছে জল দেওয়ার জন্য তাঁর একটি শ্যালো মেশিন ছিল। পাশে একটি ট্রাক্টর রাখা ছিল। দুষ্কৃতীরা ট্রাক্টর ও শ্যালো মেশিন ভাঙচুর করে। বিজেপি প্রার্থীর স্পষ্ট দাবি, তৃণমূলের লোকজন আমার এই ক্ষতি করেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তৃণমূল নেতা রবিউল ইসলাম (বাপ্পা) বলেন, আমাদের এমন অবস্থা হয়নি যে বিজেপির হেরো প্রার্থীর বাড়িতে গিয়ে আক্রমণ করতে হবে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়েছে। তারপরে দিশাহীন বিজেপি কুৎসা করছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ