নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা উপ নির্বাচনের আঁচ এসে পড়েছে বিধাননগর কমিশনারেটের রাজারহাটেও। কারণ, এই বিধানসভার ২৭৯টি বুথের মধ্যে ১৪টি বুথ রয়েছে রাজারহাট থানা এলাকায়। এখানেও পুরোদমে চড়ছে ভোটের উত্তেজনা। বুথের সংখ্যা কম হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টহল দিচ্ছে রাজারহাট থানার পুলিসও। সাধারণ মানুষকে বুথমুখী করতে এলাকায় গিয়ে কথা বলছেন পুলিস অফিসাররা। নিরাপত্তার স্বার্থে রাজারহাট থানা এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে।
Advertisement
কাল, বুধবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভার উপ নির্বাচন। দু’টি বিধানসভা এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। রাজারহাট থানা এলাকায় হাড়োয়া বিধানসভার ওই ১৪টি বুথেও নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কামদুনি গ্রাম সহ বারাসত-২ ব্লকের বেশ কয়েকটি এলাকা রাজারহাট থানার অন্তর্গত। সেখানেই রয়েছে মোট ১৪টি বুথ। বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিসের যৌথ টহলদারি শুরু হয়েছে এই এলাকায়। মহিষগোদি সহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন অফিসাররা। রাজারহাট থেকে খড়িবাড়ি যাওয়ার মূল সড়ক রাজারহাট থানা এলাকা দিয়েই গিয়েছে। এই রাস্তায় এখন নিয়মিত নাকা চেকিং চলছে। রাতের পাশাপাশি দিনের বেলাও চলছে নাকা চেকিং। এখনও পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা সামনে আসেনি।



