নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গ্যাংস্টার রমেশ মাহাতর একদা সঙ্গী তথা কুখ্যাত দুষ্কৃতী গ্যাটিসকে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার ভোররাতে রিষড়া থানার পুলিস নাকা চেকিংয়ের সময় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তার এক সঙ্গীও পুলিসের হাতে ধরা পড়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও একটি স্কুটার পাওয়া গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টার রমেশ মাহাতর ছায়াসঙ্গী ছিল গ্যাটিস ওরফে অমিত চক্রবর্তী। রমেশ গ্রেপ্তার হওয়ার পরেও তার তাণ্ডব বহাল ছিল। তবে বেশ কিছু বছর ধরে সে গা ঢাকা দিয়েছিল। নতুন কোনও অপরাধের ছক কষতেই সে ময়দানে নেমেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। একটি সূত্রে জানা গিয়েছে, গ্যাটিস সম্প্রতি অস্ত্র জোগাড় করেছিল। সেই অস্ত্র সরবরাহকারীকে পুলিস চিহ্নিত করেছে। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, সোমবার রাতে রিষড়ায় নাকা চেকিং শুরু হয়েছিল। ভোররাতে দু’জন যুবককে নম্বর প্লেটবিহীন একটি স্কুটার নিয়ে নেলকো এলাকা দিয়ে আসতে দেখা যায়। পুলিসের গাড়ি দেখেই ওই দু’জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পুলিস তাদের তাড়া করে ধরে ফেলে। দেখা যায়, দুই যুবকের মধ্যে একজন গ্যাটিস। এক পুলিস কর্তা বলেন, সম্প্রতি রমেশ মাহাতর গ্যাংয়ের কিছু তৎপরতা নজরে আসছিল। এই অবস্থায় গ্যাটিসের গ্রেপ্তার হওয়া একটি উল্লেখযোগ্য সাফল্য।-নিজস্ব চিত্র



