গুরুগ্রাম, ১৫ সেপ্টেম্বর: গুরুগ্রামে বাইকার তরুণীকে ধাওয়া করে ধাক্কা মারার ঘটনায় মূল অভিযুক্ত গাড়িচালক কল্যাণ বাইনসলাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজস্থানের দৌসা থেকে তাঁকে ধরা হয়েছে বলে মঙ্গলবার সরকারিভাবে জানানো হয়েছে। অটক করা হয়েছে এই ঘটনায় অপর অভিযুক্ত লভনিশ বাইনসলাকে। তিনি কল্যাণের তুতো ভাই।
গুরুগ্রামের হিট অ্যান্ড রানের ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে প্রবল হইচই শুরু হয়েছে। প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে শহরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে। এনিয়ে প্রবল অস্বস্তির মুখে নড়েচড়ে বসে পুলিশও। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা রুজু হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়ার পরেও একবার পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত কল্যাণ। শৌচালয়ে যাওয়ার নাম করে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেন তিনি। সেসময় পড়ে গিয়ে পায়ে চোট পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।