নিউ চণ্ডীগড়: ২৯ বলে ৯৭— এলিমিনেটরে বৈভব সূর্যবংশীর কাছেই হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার সেই নিউ চণ্ডীগড়েই ফের ব্যাট হাতে নামবে ১৫ বছরের বিস্ময় কিশোর। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। হায়দরাবাদের মতো গুজরাতকেও দাপটে হারিয়ে ফাইনালের টিকিট অর্জনই লক্ষ্য গোলাপি-ব্রিগেডের। পক্ষান্তরে, ইতিমধ্যে একবার ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছেন শুভমান গিলরা। প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে জঘন্যভাবে হারেন তাঁরা। তবে লিগ টেবিলে প্রথম দুয়ে থাকার সুবাদে আরও একটা সুযোগ রয়েছে গুজরাতের সামনে। আরসিবি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজস্থানকে হারাতে মরিয়া তারা। তবে বিধ্বংসী বৈভব সূর্যবংশীকে না আটকাতে পারলে বিদায় অনিবার্য। পাশাপাশি গোলাপি বাহিনীর তারকা পেসার জোফ্রা আর্চারও কাঁটা হয়ে উঠতে পারেন টাইটান্সের কাছে।
বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব। চলতি আইপিএলে কমলা টুপি এখন তারই দখলে। ১৫ ম্যাচে বাঁ-হাতি ওপেনারের সংগ্রহ ৬৮০ রান। অবিশ্বাস্য ফর্মে রয়েছে বিহারের তাজপুরের ১৫ বছয় বয়সি কিশোর। প্রথম বল থেকেই ঝড় তুলে বিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নিতে রীতিমতো সিদ্ধহস্ত। আর সামনে যত নামীদামি বোলারই থাকুন না কেন, কাউকে রেয়াত করে না বৈভব। বুমরাহ, স্টার্ক, ফার্গুসনরা তার ঝাঁঝ টের পেয়েছিলেন আগেই। বুধবার প্যাট কামিন্সও রেহাই পাননি। ছক্কার হ্যাটট্রিক সহ এক ওভারে ২৫ রান হজম করেন অজি অধিনায়ক। তাই গুজরাতের মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডারা রীতিমতো চাপে। তবে রাজস্থান রয়্যালস চলতি আসরে একটু বেশিই বৈভব ও আর্চারের উপর নির্ভরশীল। তাই এই দু’জন আটকে গেলে সমস্যায় পড়বে দল। ওপেনিংয়ে বৈভবের সামনে ঢাকা পড়ে যাচ্ছেন যশস্বী। তিনে নামা ধ্রুব জুরেল অবশ্য রানের মধ্যে রয়েছেন। তবে রিয়ান পরাগ, জাদেজাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বোলিংয়ে আর্চার দুরন্ত ফর্মে। গত ম্যাচেও তিনটি উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের পেসার। এছাড়া আছেন নান্দ্রে বার্গার। স্পিন বিভাগে বড় ভরসা রবীন্দ্র জাদেজা।
অন্যদিকে, গুজরাতের প্রধান শক্তি টপ অর্ডার। শুভমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার ছন্দে আছেন। ১৫ ম্যাচে ৬৫২ রান করে কমলা টুপির দৌড়ে আছেন সুদর্শন। ক্যাপ্টেন গিলের সংগ্রহও ৬১৮। তাই গুজরাতের টপ অর্ডার চললে চাপে পড়বে রাজস্থান। তবে মিডল বা লোয়ার অর্ডারে ধারাবাহিকতার অভাব প্রকট। গুজরাতের বোলিং অবশ্য বেশ শক্তিশালী। পেস আক্রমণে রয়েছেন সিরাজ, রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা। স্পিন বিভাগে রশিদ খান বিপক্ষ দলের ঘুম কাড়তে পারেন। সব মিলিয়ে শুক্রবার সেয়ানে-সেয়ানে টক্করের অপেক্ষায় নিউ চণ্ডীগড়।