Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গতবার সাড়ে তিন হাজার ছাড়ালেও এবার তিনশোর ঘরেই ডেঙ্গু আক্রান্ত

গতবার সাড়ে তিন হাজার ছাড়ালেও এবার তিনশোর ঘরেই ডেঙ্গু আক্রান্ত
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অলকাভ নিয়োগী, বিধাননগর: ২০২২ এবং ২০২৩। পরপর দু’বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল পুরসভার। গত আগস্ট, সেপ্টেম্বর এমনকী, অক্টোবরেও ডেঙ্গু সংক্রমণ ছিল নীচের দিকেই। এবার নভেম্বরও ডেঙ্গু সংক্রমণ স্বস্তি দিল বিধাননগর পুরসভাকে। কারণ, নভেম্বর পর্যন্ত গতবার যেখানে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গিয়েছিল, সেখানে এবার আটকে রয়েছে সাড়ে তিনশোর ঘরে! নভেম্বরের শুরুতে সংক্রমণ একটু বাড়লেও শেষের দিকে অল্প সংক্রমণ হওয়ায় গ্রাফ উপরের দিকে উঠেনি। পুরসভার দাবি, প্রতিবারই ডিসেম্বর মাসে সংক্রমণ আরও কমে যায়। ফলে, এবার করোনার সময়কালের মতো সবচেয়ে কম ডেঙ্গু সংক্রমণ হতে পারে। 
Advertisement
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। প্রতিবছর ডেঙ্গু আক্রান্তের বার্ষিক হিসেব রাখা হয়। সাপ্তাহিক রিপোর্ট সংগ্রহ করে প্রতি মাসেরও আক্রান্তের সংখ্যা লিপিবদ্ধ করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ড থেকে মোট ৩ হাজার ৯২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ২০২২ সালেও নভেম্বর মাস পর্যন্ত ৪ হাজার ১৬৪ জন আক্রান্ত হয়েছিলেন। সেখানে এবার জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন মাত্র ৩৫৭ জন! অর্থাৎ, সাড়ে তিনশোর ঘরে রয়েছে আক্রান্তের সংখ্যা।
প্রতি মাসের সংক্রমণ রিপোর্ট অনুযায়ী, এবার কম মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যেমন, গতবার শুধুমাত্র আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৭৭৪ জন। সেখানে এবার ওই মাসে আক্রান্ত হয়েছেন মাত্র ২১ জন। গতবার শুধুমাত্র সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমণ আগস্টের দ্বিগুণ হয়েছিল। ১ হাজার ৪০০ জন একমাসে আক্রান্ত হয়েছিলেন। অথচ, এবার সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৬১ জন। পুজোর পর প্রতিবার ডেঙ্গু বেড়ে যায়। তাই এবার অক্টোবর মাসের রিপোর্ট নিয়েও চিন্তায় ছিল পুরসভা। কিন্তু, দেখা যায়, গতবার অক্টোবরে যেখানে ১ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছিলেন, সেখানে এবার ১৩৮ জন! নভেম্বর মাসেও নতুন করে গতবার ৪০৮ জন আক্রান্ত হয়েছিলেন। এবার সেখানে আক্রান্ত হয়েছেন ১১১ জন! ফলে, স্বস্তি মিলেছে।
বিধাননগরের মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এবার সংক্রমণ অনেকটাই কম। তবে, কোনওভাবে যাতে তা বেড়ে না যায়, তার জন্য আমরা সব ব্যবস্থা রেখেছি। ডিসেম্বরকেও রুখে দিতে পারব।
সম্পর্কিত সংবাদ