সংবাদদাতা, উলুবেড়িয়া: গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে। পুণ্যার্থীরা ফিরতে শুরু করেছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি গাড়িতে গেরুয়া ধ্বজা লাগিয়ে চোলাই মদ পাচার করার চেষ্টা হল। তবে তা ধরে ফেলে হাওড়া গ্রামীণ জেলা আবগারি দপ্তর। প্রায় ১৫০০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
Advertisement
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে দু’টি চার চাকার গাড়িতে গেরুয়া ধ্বজা লাগিয়ে, গাড়ির ভিতরে গেরুয়া বসনধারী কয়েকজন ভক্তিগীতি গাইতে গাইতে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড় থেকে বেলতলার দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বেলতলার কাছে আগে থেকেই বাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন জগৎবল্লভপুরের আবগারি দপ্তরের ওসি অংশুমান ঘোষ। তবে চোলাই পাচারকারীরা দূর থেকে আবগারি কর্মীদের দেখে বেলতলার আগেই গাড়ি থামিয়ে চম্পট দেন। পরে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই উদ্ধার হয়। আবগারি দপ্তর দু’টি গাড়িকেই আটক করেছে। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, ওই চোলাই মদ হুগলির সিঙ্গুর থেকে আনা হচ্ছিল। পলাতক ওই চোলাই কারবারিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে আবগারি দপ্তর।



