Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গতি নিয়ন্ত্রণে এবার সার্ভিস রোডে বসবে ‘রাম্বল স্ট্রিপস’

গতি নিয়ন্ত্রণে এবার সার্ভিস রোডে বসবে ‘রাম্বল স্ট্রিপস’
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটিতে বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক অ্যাপবাইক চালকের। ভিআইপি রোড এবং সার্ভিস রোডের একাধিক ক্রসিংয়ে ক্রমশ বাড়ছে গাড়ির চাপ। তাই গতি নিয়ন্ত্রণে এবার সার্ভিস রোডে বসতে চলেছে ‘রাম্বল স্ট্রিপস’। যেখানে মূলত ক্রসিং রয়েছে, তার দু’দিকের অংশে ওই স্ট্রিপস বসানো হবে। বড় হাম্প তৈরি করা হলে অন্য দুর্ঘটনা ঘটতে পারে। তাই হাফ ইঞ্চির এই রাম্বল স্ট্রিপস বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গতিও কমবে। গাড়ির কোনও ক্ষতি হবে না।
Advertisement
সোমবার দুপুরে বেলঘরিয়া থেকে যাত্রী নিয়ে সল্টলেক সেক্টর ফাইভে যাচ্ছিলেন এক অ্যাপবাইক চালক। যাত্রী পেশায় আইটি কর্মী। বাগুইআটির নারায়ণতলা সিগন্যালে ভিআইপি রোডের উপর বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় ওই অ্যাপবাইক চালকের। জখম হন আইটি কর্মী। দুর্ঘটনার পর ওইদিন বিকেল থেকেই ভিআইপি রোডের উপরে বাড়তি নজরদারি শুরু হয়েছে।
পুলিস ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার দিন বিকেলে পূর্তদপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠক করেন বিধাননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিকরা। তারপরই সার্ভিস রোডে ওই রাম্বল স্ট্রিপস বসানোর সিদ্ধান্ত হয়। বাগুইআটি ট্রাফিক গার্ডের অধীনে বাগুইআটি মোড়, নারায়ণতলা, কেষ্টপুর সহ বেশ কিছু এলাকা রয়েছে, যা অত্যন্ত ব্যস্ত। সেখানে সার্ভিস রোডের ক্রসিং রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিআইপি রোডের উপর দিয়ে যাতায়াত করেন। গাড়ি, বাইক, সাইকেল এবং হেঁটেও বহু মানুষ রাস্তা পার হন। তাই ভিআইপি রোডের ক্রসিংয়ের মুখে এসে যাতে সকলে গতি কমায়, তার জন্য এই স্ট্রিপস বসানো হবে। জানা গিয়িছে, মঙ্গলবার ওই রাম্বল স্ট্রিপস চলে এসেছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, হাম্প বসানো হলে উল্টো বিপদ হতে পারে। কারণ, গাড়ির গতি বেশি থাকলে হাম্পে দুর্ঘটনা ঘটতে পারে। এই রাম্বল স্ট্রিপে কোনও সমস্যা হবে না। কারণ, এর উচ্চতা কম। নরমও। পুলিস জানিয়েছে, দুর্ঘটনা রুখতে আরও যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলি নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ