Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়িতে বাঙ্কার করে ৫২ কেজি গাঁজা পাচার, নবদ্বীপে ধৃত ৫

গাড়িতে বাঙ্কার করে ৫২ কেজি গাঁজা পাচার, নবদ্বীপে ধৃত ৫
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: উদ্ধার হল ৫২ কেজি ১০০ গ্রাম গাঁজা। সেগুলি ৩টি বস্তার মধ্যে রাখা ছিল। তার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। সোমবার ভোরে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙা এলাকার কাছে একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং নবদ্বীপ থানার পুলিসের যৌথ অভিযানে ধরা পড়ে এই গাঁজা। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকা গাড়িটি। জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা নবদ্বীপে আসছিল। সোমবার ধৃতদের পুলিস হেফাজত চেয়ে কৃষ্ণনগরের নার্কোটিক বিশেষ আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের নাম সুব্রত ঘোষ ওরফে পাপাই, প্রমোদ ধামাই, কৃষ্ণ ঘোষ, মহম্মদ আফাক ওরফে রাজু এবং বাবন সরকার।  প্রথম জনের বাড়ি  শিলিগুড়িতে। দ্বিতীয় জনের বাড়ি জলপাইগুড়ির সেবক রোডে। তৃতীয় ও চতুর্থ জনের বাড়ি নকশালবাড়িতে। আর পঞ্চম জনের বাড়ি নবদ্বীপ থানার মণিপুরে। রবিবার রাতে আনুমানিক সাড়ে ১২টা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ও কৃষ্ণনগর রাজ্য সড়কের নবদ্বীপ টোল গেট সংলগ্ন ফরেস্টডাঙা মোড়ের কাছে পুলিস চারচাকা গাড়িটিকে আটকায়। এরপর গাড়িতে অভিযান চালিয়ে গাড়ির ভেতরে সন্ধান মেলে ওই বিপুল পরিমাণ গাঁজার। জানা গিয়েছে, ওই গাড়িটি কোচবিহার থেকে গাঁজা নিয়ে নবদ্বীপে ডেলিভারি দিতে আসছিল। গাড়িটি আটকের পর পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের দিকে নীচে বাঙ্কারের মতো তৈরি করে রাখা ছিল তিন বস্তা গাঁজা। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, খবর পেয়ে কৃষ্ণনগর পুলিস জেলার স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযান চালানো হয়। মোট তিনটি বস্তাতে ৫২ কেজি ১০০ গ্রাম গাঁজা কোচবিহার থেকে নিয়ে আসছিল। তাদেরকে আটকানো হয়। এরপর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। এরপর ঘটনাস্থলে চলে আসেন কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি (ডি অ্যান্ড টি) এম রহমান। কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, উদ্ধার হওয়া এই গাঁজাগুলি কোথা থেকে আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেবিষয়ে আরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ