সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানা আদালত। এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল গত বৃহস্পতিবার। শুক্রবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই। তিনি জানান, সমাজমাধ্যমে যেভাবে খবরটি প্রকাশ করা হচ্ছে, তা অত্যন্ত চাঞ্চল্যকর। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘একটি মামলার সাক্ষী হিসেবে আমাকে তলব করা হয়েছিল। তবে এই মামলার সঙ্গে সরাসরি আমার কোনও সম্পর্ক নেই।’ অভিনেতা জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারি একটি বিবৃতির মাধ্যমে পুরো বিষয়টি আদালতে জানাবেন তাঁর আইনজীবীরা। সেই বিবৃতির মাধ্যমেই প্রমাণ হবে এই মামলার সঙ্গে কোনওভাবেই অভিনেতা জড়িত নন। তাঁর কথায়, ‘তারকারা সবসময়ই সহজ টার্গেট হন। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, একটি প্রতারণার মামলায় সাক্ষ্যদানের কথা ছিল সোনুর। তবে বারবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তারপরই আদালত অবমাননার জেরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।



