Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার হওয়ার পরও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা

গ্রেপ্তার হওয়ার পরও কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুর্নীতির টাকা
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পরও কুন্তল ঘোষের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা ঢুকেছে বলে হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 
Advertisement
জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল। বুধবার সেই মামলার শুনানিতে এই দাবি করেছে ইডি। ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর হুগলির তৎকালীন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে ইডি। তাদের দাবি, গ্রেপ্তার হওয়ার কয়েক দিন পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৬০ লক্ষ টাকা ঢুকেছিল। ওই টাকার উৎস সম্পর্কে এখনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। 
এদিন, কুন্তলের আইনজীবী সওয়ালে বলেন, এই মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন। তাঁর মক্কেলকেও জামিন দেওয়া হোক। তাঁর মক্কেলের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বিচার শুরু নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কুন্তল দেড় বছর জেলে রয়েছেন। এই অবস্থায় জামিন পেলে তাঁর পক্ষে তথ্যপ্রমাণ নষ্ট করা সম্ভব নয়। কুন্তলের জামিনের বিরোধিতা করে আদালতে সওয়ালে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, কুন্তলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারির পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকার বেশি ঢুকেছে। মানিক জামিন পেয়েছেন বলে কুন্তলও পাবেন, এই যুক্তি ঠিক নয়। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। 
অন্যদিকে, এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এদিন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই ইডি-র আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায় বলেন, এই মামলার শুনানি তাঁরা অন্য এজলাসে করাতে চান। কারণ, ইডি-র তরফ থেকে এই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে বিচারক শুভেন্দু সাহার এজলাসে। তাই মামলা সরানো হোক। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক জানিয়ে দেন, কোন এজলাসে ইডি-র প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে, তা আগে ঠিক হোক। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের মামলার শুনানি হবে। আগামী ২২ নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। ফলে পার্থর জামিনের আবেদনের শুনানি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।  
সম্পর্কিত সংবাদ