Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রাম বাঁচানোর আর্জি, প্রশাসনের কাছে ৭২ নিজতরফের বাসিন্দারা

গ্রাম বাঁচানোর আর্জি, প্রশাসনের কাছে ৭২ নিজতরফের বাসিন্দারা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: তিস্তার গ্রাস থেকে বাঁচাতে হবে গ্রামকে। শুক্রবার প্রশাসনের বিভিন্ন মহলে এই আর্জি জানালেন মেখলিগঞ্জ ব্লকের ৭২ নিজতরফ জনপদের বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, তিস্তার ভাঙন আমাদের গ্রামের একটি অন্যতম সমস্যা। সারাবছরই নদীর পাড় ভাঙছে। বর্ষায় ভাঙন আরও বেড়ে যায়। গ্রামটির প্রায় তিনদিক ঘিরে রয়েছে বাংলাদেশ সীমান্ত। তিস্তা ভাঙতে ভাঙতে বসতির দিকে ধেয়ে আসছে। এই অবস্থায় বর্ষাকালে নদীতে জল বাড়লেই আতঙ্কে থাকতে হয়। সময় থাকতেই সেখানে ব্যবস্থা নেওয়া হোক।  
Advertisement
এই ভাঙন আটকাতে এদিন গ্রামবাসীরা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিতভাবে আর্জি জানিয়েছেন। গ্রামের বাসিন্দা অখিল সরকার, নিতাই সরকারের বক্তব্য,  কয়েক বছরে তিস্তার ভাঙন ৭২ নিজতরফের অনেক মানুষের ক্ষতি করেছে। ক্ষতি হয়েছে বন্যায়। এই অবস্থায় আমরা চাইছি, অসংরিক্ষত এলাকায় দ্রুত বাঁধ তৈরি হোক। ভোটবড়ির-২ নম্বর স্পার বাঁধ থেকে বিএসএফের ওরাওঁ সীমান্তচৌকি পর্যন্ত দু’কিমি এলাকায় বোল্ডার ফেলে মজবুত বাঁধ তৈরির দাবি তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা জানিয়েছেন, ২০১২ সালে সেচদপ্তরের তরফে কিছুটা বাঁধের কাজ করা হয়েছিল। তবে তিস্তার জলের স্রোতে সেই বাঁধের নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ২০১৯ সালের বন্যাতেও বাঁধের ক্ষতি হয়। বাঁধ ভেঙে তিস্তার জল গ্রামে ঢুকে যায়। গত কয়েক বছরের বন্যায় অনেকের চাষের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভেসে যায় অনেকের বাড়িঘর এবং গবাদি প্রাণীও। বাঁধ তৈরি না হওয়ায় তিস্তার ভাঙন নিয়ে চিন্তিত গ্রামটি। এই দাবিতে সহমত পোষণ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা ফতেমা বিবি। তিনিও জানিয়েছেন, ভাঙন ঠেকাতে প্রশাসন দ্রুত উদ্যোগ নিক, এটা আমরা চাইছি।
বাঁধ তৈরির দাবিতে স্থানীয়রা সেচদপ্তরের বিভিন্ন মহল এবং মেখলিগঞ্জের  বিডিও, মহকুমাশাসককে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি জমা দিয়েছেন সেচদপ্তরের নর্থইস্টের চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরেও। সেচদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, এলাকার তিস্তার ভাঙন পরিস্থিতি সম্পর্কে তাঁরা অবগত। ভাঙন আটকাতে কিছু কাজ হয়েছে। বিষয়গুলি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিডিও অরিন্দম মণ্ডল বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানাব।
Advertisement
সম্পর্কিত সংবাদ