Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রাহকদের নামে একাধিক সিম বের করে মোটা টাকায় বিক্রির অভিযোগ

গ্রাহকদের নামে একাধিক সিম বের করে মোটা টাকায় বিক্রির অভিযোগ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: বিয়ে করে বউকে নিয়ে বাড়ি ঢোকা হল না। তার আগেই শ্রীঘরে গেল বর। বালুরঘাট ব্লকের বাউলের বদলপুরের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শুক্রবার শিলিগুড়ি থেকে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিল বদলপুরের বিট্টু দাস। কিন্তু, বাড়ির সামনে হাজির পুলিস। বরকে সাজানো গাড়ি থেকে নামিয়ে থানার গাড়িতে তুলতেই অবাক খোদ নববধূ।
Advertisement
অন্যের নামে সিমকার্ড তুলে তা মোটা টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে বিট্টুর বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, বছর তেইশের বিট্টু দাস বেশ কয়েক বছর ধরে এই চক্র চালিয়ে যাচ্ছিল। কয়েকদিন আগে ভুয়ো সিমকার্ড কাণ্ডে ধৃত তিনজনের কাছ থেকে বিট্টুর নাম জানতে পারে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, বিট্টু একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে চাকরি করে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, সিম বিক্রির সময় গ্রাহকের আধার কার্ড, ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একাধিক সিম তুলে নিত অভিযুক্ত বিট্টু। পরে গ্রাহককে একটি সিম দিয়ে বাকি সিম মোটা টাকায় প্রতারকদের বিক্রি করে দিত।
এদিন ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুলে দু’দিনের হেপাজতে নিয়েছে পুলিস। বালুরঘাট সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ বলেন, ভুয়ো সিম কাণ্ডে আমরা বিট্টু দাস নামে একজনকে গ্রেপ্তার করেছি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কয়েকদিন আগে তিন সিমকার্ড বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের নাম
বিদ্যুৎ মেহেরা, মাহাফুজ আলম ও অপূর্ব তালুকদার। বিদ্যুতের বাড়ি তপন থানার রামপুর এলাকায়। মাহাফুজ ও অপূর্বর বাড়ি বংশীহারিতে। ধৃতদের কাছ থেকে বহু সিমকার্ড উদ্ধার করে। যেগুলি বিভিন্ন গ্রাহকের নামে তোলা। তাদের জিজ্ঞাসাবাদ করে বিট্টুর নাম উঠে আসে। 
বিট্টু বৃহস্পতিবার শিলিগুড়িতে বিয়ে করতে যায়। শুক্রবার রাতে বাউলের বদলপুরে বউ নিয়ে আসে। সেই সময়ে পুলিস গিয়ে তাকে গ্রেপ্তার করে। বর গ্রেপ্তার হওয়ায় শনিবার বউভাতের অনুষ্ঠানই বাতিল হয়ে যায়। গ্রামের বাসিন্দারাও অবাক। তবে বিট্টু যে অবৈধ কারবারে জড়িয়ে পড়েছে, তার কিছুটা অনুমান করতে পেরেছিলেন গ্রামের বাসিন্দারা। তাঁরা জানান, কয়েক মাসে বিট্টুর জীবনযাত্রায় বেশ পরিবর্তন চলে আসে। অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকায় নতুন সাউন্ড সিস্টেম কেনা, পুরনো বাইক পাল্টে নতুন বাইক নেওয়া, নানা পরিবর্তনে সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। এত টাকা কোথা থেকে পেল? সে নিয়ে চর্চার মাঝে বিট্টুর বিয়ে ঠিক হয়। ভুয়ো সিম কার্ড কাণ্ডে বিট্টু গ্রেপ্তার হতেই আসল বিষয়টা জানতে পারলেন গ্রামের বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ