Bartaman Logo
২৭ মে, ২০২৬

গ্রাহকদের হয়রানি বন্ধে ব্যাঙ্কগুলিকে নির্দেশিকা

গ্রাহকদের হয়রানি বন্ধে ব্যাঙ্কগুলিকে নির্দেশিকা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তাকে টাকা প্রদানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এই নিয়ম মানতে গিয়ে উপভোক্তাকে সমস্যায় না ফেলার বিষয়েও ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে আরবিআই। সোমবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির (এসএলবিসি) সঙ্গে বৈঠকে রাজ্যের তরফে বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়। একইভাবে জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসির সমস্যাও দ্রুত মেটাবার আশ্বাস দিয়েছে ব্যাঙ্কগুলি। বৈঠকে রাজ্য সরকারের তরফে ছিলেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, অর্থসচিব প্রভাত মিশ্র এবং অন্য সংশ্লিষ্ট সচিবরা। নাবার্ড এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেন। 
Advertisement
আলোচনায় গুরুত্ব পেয়েছে কিষান ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডসহ রাজ্য সরকারের বিভিন্ন ঋণদান প্রকল্পের অগ্রগতির দিকটি। এসব প্রকল্পে ঋণমঞ্জুর দ্রুততার সঙ্গে করার জন্য ব‌্যাঙ্কগুলিকে বলা হয়েছে। শুধুমাত্র ভবিষ্যৎ ক্রেডিট কার্ডেই এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৭০ হাজার। তার মধ্যে ৩৫ হাজার অনুমোদন পেয়েছে এবং বাতিল হয়েছে ৫০ হাজারের মতো। ব্যাঙ্কগুলিতে পড়ে থাকা প্রায় ৯০ হাজার আবেদন নিয়ে প্রশ্ন তুলেছে নবান্ন। কিছু ব্যাঙ্ক লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ দিলেও শ’দুই শাখার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য। রাজ্য চায়, ব্যাঙ্কগুলি জনস্বার্থে আরও তৎপর হোক। 
সম্পর্কিত সংবাদ