নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের কেওটায় একটি দোকান থেকে সোনার নাকছাবি চুরির ঘটনা ঘটল। এই অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারী। মঙ্গলবার কেওটার এক স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার গয়না হাত সাফাই করা হয়েছে বলে অভিযোগ জানান। তারপর তদন্ত শুরু করে পুলিস। সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয় দম্পতিকে। জানা যায়, তাঁরা মগরার গজঘণ্টার বাসিন্দা। দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে কিছু গয়না উদ্ধার হয়েছে। ঘটনার দিন স্কুটি নিয়ে বেরিয়েছিলেন ওই দম্পতি। তিনটি দোকানে ঘুরেছিলেন। সর্বত্র পুরনো গয়না দিয়ে নতুন কিনবেন বলে প্রচুর অলঙ্কার দেখেছিলেন। অন্য কোথাও সুবিধা করতে না পারলেও কেওটায় হাতসাফাই করতে সক্ষম হন। পরে বিষয়টি বুঝতে পারেন দোকান মালিক। তারপর চুঁচুড়া থানায় অভিযোগ জানান। এক তদন্তকারী অফিসার বলেন, একা কোনও সোনার দোকানে গেলে নজর বেশি থাকবে, এমন অনুমান ছিল কার্তিকের। তাই স্ত্রীকে নিয়ে গিয়েছিল।



