কোপেহেগেন ও ওয়াশিংটন: সুমেরু অঞ্চলে বাড়ছে চীনা ও রুশ জাহাজের গতিবিধি। তাই আমেরিকার ‘নিরাপত্তা’র স্বার্থে গ্রিনল্যান্ডের দখল চাই। খনিজ-সমৃদ্ধ গ্রিন ল্যান্ড হাতে পেতে বারবার এই যুক্তি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে সামরিক অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ‘সুপারপাওয়ার’ আমেরিকার চাপে তাঁরা যে মাথা নত করছেন না, স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিয়েলসেন। স্বশাসিত গ্রিনল্যান্ড যে তাদের বর্তমান ‘নিয়ন্ত্রক’ ডেনমার্কের সঙ্গে শতাব্দী প্রাচীন সম্পর্ক ছিন্ন করবে না, তাও জানিয়ে দিলেন তিনি। আমেরিকার মুখের উপর এইভাবে দরজা বন্ধ করায় স্বাভাবিকভাবেই রেগে অগ্নিশর্মা ট্রাম্প। এদিন কড়া প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের তরফেও। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রতি হুমকির সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ওনার সঙ্গে একমত নই। তিনি কে আমি জানি না। তাঁকে চিনিও না। তবে তাঁর জন্য বড়ো সমস্যা আসতে চলেছে।’ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমেরিকা ছাড়া গ্রিনল্যান্ড অন্য কোনও দেশের হাতে থাকুক, এটা মেনে নেওয়া সম্ভব নয়। জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে আমেরিকার হাতে তুলে দেওয়ার কাজটা ন্যাটোরই করা উচিত। আমরা যে গোল্ডেন ডোম (মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা) বানাচ্ছি, সেই কাজে এটা গুরুত্বপূর্ণ।’



