Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গার্ডেনরিচে হরিমোহন ঘোষ কলেজের পাশে নতুন অডিটোরিয়ামের উদ্বোধন

গার্ডেনরিচে হরিমোহন ঘোষ কলেজের পাশে নতুন অডিটোরিয়ামের উদ্বোধন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গার্ডেনরিচে হরিমোহন ঘোষ কলেজ সংলগ্ন জমিতে তৈরি হয়েছে নতুন অডিটোরিয়াম, কমিউনিটি হল। তিনশোরও বেশি আসন বিশিষ্ট ঝাঁ চকচকে অডিটোরিয়াম নজর কাড়ছে সকলের। ভোল পাল্টেছে গোটা অঞ্চলের। সোমবার, এই অডিটোরিয়াম ও কমিউনিটি হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শিল্পমন্ত্রী শশী পাঁজা, রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ অন্যান্যরা। এটির নাম দেওয়া হয়েছে গার্ডেনরিচ অডিটোরিয়াম।
Advertisement
হরিমোহন ঘোষ কলেজ সংলগ্ন একটি জমি বহুকাল ধরে পড়েছিল। জায়গাটি দখল হয়েছিল। সেখান থেকে দখলদারদের সরিয়ে তৈরি হয়েছে প্রায় পাঁচ হাজার বর্গফুটের এই তিনতলা ভবন। দু’টি তলা মিলিয়ে রয়েছে ৩২০ আসনের অডিটোরিয়াম। গোটাটাই বাতানুকূল। তৃতীয় তলে রয়েছে কমিউনিটি হল। সেখানে প্রায় ১২০০ লোকের অনুষ্ঠান করা যাবে। জানা গিয়েছে, এই ভবন নির্মাণে সাংসদ তহবিল থেকে ২২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন সাংসদ মালা রায়। মেয়র ফিরহাদ হাকিম তাঁর বিধায়ক তহবিল থেকে দিয়েছেন ১৫ লক্ষ টাকা। সব থেকে গুরুত্বপূর্ণ হল, অডিটোরিয়াম নির্মাণে এলাকার বাসিন্দারাও তাঁদের সাধ্যমতো সাহায্য করেছেন। এ প্রসঙ্গে পুরসভার ১৪ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল বলেন, মেয়র ও সাংসদের সাহায্যের পাশাপাশি এলাকার মানুষও সহযোগিতা করেছেন। এই ভবন নির্মাণের জন্য কার্যত সকলের থেকে চাঁদা তোলা হয়েছে। কেউ লোহার রড দিয়েছেন, কেউ রং, কেউ আবার ইট, বালি, সিমেন্টের টাকা। এই অঞ্চলে বাসিন্দাদের অডিটোরিয়ামের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এবার থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। রঞ্জিত শীল বলেন, অঞ্চলে কোনও অডিটোরিয়াম ছিল না। বহুদিনের ইচ্ছা ছিল একটা বানানোর। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে। তবে এই অডিটোরিয়াম ও কমিউনিটি হল পরিচালনার দায়িত্বে কে থাকবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি।
সম্পর্কিত সংবাদ