বেঙ্গালুরু: আগেই জামিন পেয়েছে বাকিরা। এবার সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত শারদ ভাউসাহেব কালাস্কারকেও জামিন দিল আদালত। বুধবার বেঙ্গালুরুর নগর দায়রা আদালত অভিযুক্তর জামিনের আর্জি মঞ্জুর করে। এরসঙ্গে মামলায় ১৮ অভিযুক্তের মধ্যে ১৭ জনই জামিন পেল। ১৮ তম অভিযুক্ত বিকাশ পাতিল এখনও পলাতক। এদিন মামলার শুনানিতে বিচারক মুরলীধর পাই বি জনান, কালাস্কার ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর থেকে জেলে বন্দি। এখনই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা নেই। ঘটনায় বাকি অভিযুক্তরা জামিন পেয়েছে। তাই কালাস্কারেরও একই অধিকার রয়েছে। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হন গৌরী।



