Bartaman Logo
২৭ মে, ২০২৬

গাড়ির লাইসেন্সে চালানো যাবে পণ্যবাহীও!

গাড়ির লাইসেন্সে চালানো যাবে পণ্যবাহীও!
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: লাইট মোটর ভেহিকেলস (এলএমভি) লাইসেন্স। অর্থাৎ ছোট, হাল্কা গাড়ি চালানোর ছাড়পত্র। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এই লাইসেন্স থাকলে এবার সাড়ে ৭ হাজার কেজি পর্যন্ত ওজনের যে কোনও বাণিজ্যিক, পণ্যবাহী গাড়িও চালানো যাবে। এক্ষেত্রে আলাদা করে আর কোনও লাইসেন্স লাগবে না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে। এর জেরে বড়সড় ধাক্কা খেল বিমাসংস্থাগুলি। কারণ, এই রায়ের ফলে এবার থেকে কোনও মালবাহী গাড়ির দুর্ঘটনা ঘটলে সহজে আর উপভোক্তাদের বিমার দাবি অস্বীকার করতে পারবে না তারা। এতদিন এধরনের দুর্ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট ওজন বা চালকের ওই ওজনের বাণিজ্যিক গাড়ি চালানোর বৈধ অধিকার আছে কি না, সেই কারণ দেখিয়ে উপভোক্তাদের দাবি বাতিল করে দিত বিমাসংস্থাগুলি।
Advertisement
পণ্যবাহী গাড়ির দুর্ঘটনা মামলায় বিমার টাকা দেওয়ার ক্ষেত্রে একাধিক আইনি জটিলতা দেখা দেয় সম্প্রতি। ২০১৭ সালে মুকুন্দ দেবাঙ্গন বনাম ওরিয়েন্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি মামলাকে কেন্দ্র করে মাথাচাড়া দেয় বিষয়টি। সেইসময় শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, যে সমস্ত গাড়ির মোট ওজন ৭ হাজার ৫০০ কেজির মধ্যে বা তার কম, এলএমভি লাইসেন্স থাকলে সেগুলি চালানো যাবে। কিন্তু পরের দিকে এই মামলার সূত্র ধরেই একাধিক আবেদনপত্র জমা পড়ে আদালতে। বিমাসংস্থাগুলির দাবি ছিল, বহু মামলায় সংস্থার বিমা প্রদানের শর্ত বা বিষয়গুলিকে কার্যত উপেক্ষা করেই উপভোক্তাদের বিমার টাকা দেওয়ার রায় দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিমাসংস্থাগুলির কথা প্রায় ভাবাই হয় না। সেই সুযোগ নিয়ে সঠিক লাইসেন্স না থাকলেও, একাধিক চালক মালবাহী গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। এর জেরে ক্রমে বাড়ছে দুর্ঘটনা। এই সমস্ত আবেদনের ভিত্তিতেই শুরু হয় শুনানি। গত ২১ আগস্ট মামলার শুনানি শেষ হলেও রায়দান করা হয়নি। এদিন রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে আদালতের সেই রায়কে বহাল রেখে এদিন বেঞ্চের তরফে জানানো হয়, ‘এপর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যে এলএমভি লাইসেন্স থাকা চালকদের জন্যই দেশে ক্রমে দুর্ঘটনা বাড়ছে। এরাই যে সব দুর্ঘটনার জন্য দায়ী, তা কোনওভাবে বলা যায় না। তাই এই দাবি ভিত্তিহীন।’ পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় এবার এলএমভি লাইসেন্সধারী ব্যক্তি ৭ হাজার ৫০০ কেজি পর্যন্ত ওজনের যে কোনও বাণিজ্যিক গাড়ি চালাতে পারবেন।
উল্লেখ্য, এই মামলায় আগেই কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়েছিলেন, মোটর ভেহিকেলস আইন (১৯৮৮) সংশোধন করার আলোচনা প্রায় সম্পূর্ণ। সব ঠিক থাকলে প্রস্তাবিত সংশোধনীগুলি সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে। সেই প্রসঙ্গে আদালতের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যেন দ্রুত এই আইন সংশোধন করার উপর গুরুত্ব দেয়। 
সম্পর্কিত সংবাদ