Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, ক্ষোভ ট্রেলারের বেআইনি পার্কিংকে দুষছেন বাসিন্দারা

গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, ক্ষোভ ট্রেলারের বেআইনি পার্কিংকে দুষছেন বাসিন্দারা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম (নারায়ণ সাউয়ের বাগানের ধারে) ঘেঁষা ৭৫ নম্বর বাস রাস্তার উপর বড় বড় ট্রেলার পার্কিং করে রাখায় দুর্ঘটনার কবলে পড়ছেন পথচলতি মানুষজন। এই এলাকায় যে ক’টি দুর্ঘটনা ঘটেছে, তা সবই রাতের দিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক বছরে শুধু এই কারণেই সাত-আটজন পথচারীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। ট্রেলারগুলি ওই জায়গায় দাঁড়িয়ে পণ্য তোলা-নামানোর কাজ করে। রবিবার রাত সাড়ে ৮টার সময় এক মহিলার মাথা থেঁতলে দিয়ে চলে যায় দু’টি অচেনা গাড়ি। একই জায়গায় পর পর দুর্ঘটনার কারণে এতগুলি জীবন চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে বনগ্রামের মানুষ। রবিবার মহিলার মৃত্যু সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে। সোমবার গোটা এলাকা ছিল থমথমে। ট্রেলারের পার্কিং ঘিরে উত্তপ্ত হয়েছে গোটা এলাকা। পরিস্থিতি বেগতিক বুঝে ট্রেলারগুলিকে এদিন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বনগ্রামে ওই মহিলার জামা-কাপড়ের দোকান রয়েছে। রবিবার দোকান বন্ধ করে তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার একধারে ট্রেলারগুলি দাঁড়িয়ে থাকায়, উল্টোদিক থেকে আসা গাড়ি নজরে আসেনি মহিলার। সেই সময় রাস্তা পেরনোর চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি। এরপর পিছন দিক থেকে আসা আরও একটি গাড়ি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম বেগ বলেন, ওখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বড় বড় ট্রেলার দাঁড়িয়ে থাকে। ওই জায়গায় পার্কিংয়ের অনুমতি নেই। বহুবার প্রতিবাদ করেছি। কয়েকমাস আগেও এই কারণে একজন মারা যান। সেই সময় স্থানীয় মানুষ বেশ কয়েকটি ট্রেলার ভাঙচুর করেছিল। তারপর বেশ কিছুদিন ট্রলারগুলি দাঁড়াত না। আসলে শাসকদলের কয়েকজন স্থানীয় নেতা ও পুলিসের একাংশের যোগসাজসে এটা চলছে। এ নিয়ে খুব শীঘ্রই পুলিস ও প্রশাসনের কাছে ডেপুটেশন দেবে কংগ্রেস। তবে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি পুলিসের এক্তিয়ার বলে বিষ্ণুপুর থানার দিকে আঙুল তোলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ