নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুন্দরবন মৎস্যজীবী সংগঠনের নেতার। মৃতের নাম প্রশান্ত রায় (৪৩)। রবিবার দুপুরে বাসন্তীর সোনাখালির কাছে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, বারুইপুরে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে বাইকে চাপিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিলেন তিনি। তেঁতুলতলা মোড়ে একটি চার চাকা গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। তাতে স্বামী-স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনিট পনেরো চিকিৎসার পর মৃত্যু হয় ওই মৎস্যজীবী সংগঠনের নেতার। তাঁর স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক । তিনি আপাতত ক্যানিং হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বাসন্তী থানার পুলিস। প্রশান্তবাবু সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীদের দাবিদাওয়া এবং অধিকার নিয়ে নানা আন্দোলন করেছেন।



