Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: বজবজ ইএসআই হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। এনিয়ে সোমবার উত্তেজনা তৈরি হয় হাসপাতালের বাইরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। রোগীর বাড়ির সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে তারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুকে ব্যথা নিয়ে শনিবার বজবজ ইএসআই হাসপাতালে ভর্তি হন মহেশতলা থানার উত্তর শ্যামপুরের মধ্যপাড়ার বাসিন্দা শঙ্কর কনজিয়া (৬৩) নামে এক ব্যক্তি । সোমবার আচমকা অবস্থার অবনতি ঘটলে তাঁকে বজবজ থেকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন দুপুরে বজবজ থেকে মানিকতলা নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় ওই ব্যক্তির। রোগীর পরিবারের অভিযোগ, রোগীর শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল। সেটা হাসপাতাল কর্তৃপক্ষ জানতো। তা সত্ত্বেও যে অক্সিজেন সিলিন্ডার রোগীকে দেওয়া হয়, তার ভাল্ব না খোলায় রোগীর মৃত্যু হয়। এনিয়ে পরিবারের পক্ষ থেকে বজবজ ইএসআই হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়। পরবর্তী সময়ে অবশ্য সেই অভিযোগ পরিবারের পক্ষ থেকে ফিরিয়েও নেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ