নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সাইবার প্রতারণার টাকা দিয়ে সোনা কেনা হয়েছে। এ পিছনে রয়েছে বড়োসড়ো চক্র। তদন্তে নেমে প্রতারণার কিনারা করেছে বাগুইআটি থানা। একটি নামী স্বর্ণালঙ্কার সংস্থার স্টোর ম্যানেজার সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বুধবার বারাসত জেলা আদালতে পেশ করা হয়। তাঁদের আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে জড়িত ব্যক্তিদের খোঁজ চলছে। উত্তরপ্রদেশের একটি বড়ো চাঁই এই ঘটনায় যুক্ত। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সঙ্গে হুগলির শ্রীরামপুরে এই চক্রের কেউ আছে বলে অনুমান। মোবাইলের সূত্র ধরে চলছে তদন্ত। প্রসঙ্গত মঙ্গলবার বাগুইআটি থানায় ওই স্বর্ণালঙ্কার সংস্থার এক প্রতিনিধি অভিযোগ দায়ের করেছিলেন। এক সন্দেহজনক ক্রেতার বিরুদ্ধে অভিযোগ ছিল। নকল আধারকার্ড ব্যবহার করে সোনার কয়েন কিনেছিলেন তিনি। সেদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। ওই সংস্থার এক স্টোর ম্যানেজারও গ্রেপ্তার হন। উদ্ধার হয় ৭৮ লক্ষ টাকার সোনা। এক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারকরা সাইবার ক্রাইমের টাকা দিয়ে প্রথমে সোনা কিনে নিতেন। তারপর সেই সোনা মজুত করে রাখতেন। অবশেষে তা বিক্রি করে টাকা নিতেন। আর এভাবেই তারা প্রতারণার টাকা অর্থাৎ ব্ল্যাক মানি হোয়াইট করার কাজ করতেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



