Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

একদিনে বৃদ্ধি সাড়ে ৭ হাজার টাকা, বঙ্গে দেড় লক্ষ পার করল সোনা

ঝড়ের বেগে ঊর্ধ্বমুখি সোনা। একদিনের ব্যবধানে সোনার দর বাড়ল সাড়ে সাত হাজারের বেশি। মঙ্গলবার কলকাতায় সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকায় পৌঁছেছিল

একদিনে বৃদ্ধি সাড়ে ৭ হাজার টাকা, বঙ্গে দেড় লক্ষ পার করল সোনা
  • ২২ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝড়ের বেগে ঊর্ধ্বমুখি সোনা। একদিনের ব্যবধানে সোনার দর বাড়ল সাড়ে সাত হাজারের বেশি। মঙ্গলবার কলকাতায় সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকায় পৌঁছেছিল। সেটাই ছিল শহরের সর্বোচ্চ সোনার দর। বুধবার সেই সীমাও টপকে গেল সোনা! বিরাট লাফ দিয়ে পেরিয়ে গেল দেড় লক্ষের গণ্ডি। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর ছিল ১ লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। একদিনের তফাতে তা ৭ হাজার ৮৫০ টাকা বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে এত বড়ো লাফ সাম্প্রতিককালে হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনাও। এদিন এই বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। মঙ্গলবারের তুলনায় দর বেড়েছে ৭ হাজার ৪৫০ টাকা। সোনার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ৩ লক্ষ ২০ হাজার ৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় দাম বেড়েছে প্রায় ছ’হাজার টাকা।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম বৃদ্ধিতে কয়েকমাস ধরে প্রধান ভূমিকা নিয়েছে আমেরিকা। এখনও তার ব্যতিক্রম হয়নি। গ্রিনল্যান্ড ঘিরে আমেরিকার হুমকি, ইউরোপের আট দেশে নতুন করে শুল্ক হুমকি গোটা বিশ্বের অর্থনীতিকে চিন্তায় রেখেছে। এই অস্থিরতার ফলে তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসাবে বিনিয়োগকারীদের মধ্যে সোনা ক্রয়ের আগ্রহ বাড়ছে। চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়ছে সোনার। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে মার্কিন অর্থনীতি নেতিবাচক হওয়ার আশঙ্কা সোনার দামে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করতে চলেছে। অর্থাৎ সোনার দাম আগামী দিনগুলিতেও বিশেষ কমবে না বলেই ইঙ্গিত করছেন তাঁরা।

অন্যদিকে, রুপোর দামবৃদ্ধির কারণ যেমন আমেরিকার অর্থনীতি, বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, তেমনই শিল্পক্ষেত্রে, বিশেষত উৎপাদন শিল্পে রুপোর চাহিদা বৃদ্ধি সাদা ধাতুর দামকে টেনে তুলছে। বিশেষজ্ঞদের কথায়, বাজারে যে পরিমাণ রুপোর চাহিদা আছে, সেই তুলনায় খনি থেকে রুপো উত্তোলন হচ্ছে না। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যের অভাব রুপোর দামবৃদ্ধির অন্যতম কারণ বলে তাঁরা জানাচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ