নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে সোনার দাম নতুন করে রেকর্ড গড়ল কলকাতায়। সোমবার ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দাম কলকাতায় পৌঁছেছে ১ লক্ষ ৮ হাজার ৬৫০ টাকায়। একই বিশুদ্ধতার সোনার বাট কিনলে ১০ গ্রামের দাম পড়বে ১ লক্ষ ৮ হাজার ১০০ টাকা। এর উপর ৩ শতাংশ হারে জিএসটি মেটাতে হবে ক্রেতাকে। সোমবার বাজারে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম গিয়েছে ১ লক্ষ ৩ হাজার ৩০০ টাকা। দাম বাড়ছে রুপোরও। এদিন প্রতি কেজি খুচরো রুপোর দাম কলকাতায় ছিল ১ লক্ষ ২৪ হাজার ৯০০ টাকা।



