ফাঁকা বাড়ির তালা ভেঙে লুট লক্ষাধিক টাকার সোনা, নগদ
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। লিলুয়া থানার পশ্চিম চকপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘনবসতিপূর্ণ এলাকায় এমন লুটের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের সদস্য কল্পনা দেবী জানান, লক্ষ্মীপুজোর পরের দিন পরিবারের সদস্যরা সকলে সিমলায় বেড়াতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে তালা দেওয়া ছিল। বৃহস্পতিবার সকালে ফিরে এসে প্রথমে তাঁদের নজরে পড়ে মূল গেটের খোলা তালা। ভিতরে ঢুকতেই চোখ ছানাবড়া। ঘরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। আলমারি থেকে জামাকাপড়, ব্যাগ সব বের করে মেঝেতে ফেলে রাখা হয়েছে। এমনকি, বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দলিলও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পরিবারের দাবি, দু’টি গলার চেন ও একটি চুরি খোয়া গিয়েছে। পাশাপাশি নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান। লিলুয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ি ফাঁকা থাকার খবর দুষ্কৃতীরা কীভাবে পেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement