মুম্বই, ৮ নভেম্বর: একের পর এক হুমকি পেয়েই চলেছেন সলমন খান। দু’দিন আগেই খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে মুম্বই ট্রাফিক পুলিসের কাছে হুমকি বার্তা আসে। সেই ঘটনার তদন্তও চলছে। এর মাঝেই গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ফের হুমকি পেলেন সলমন। ফের সেই কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি দেওয়া হয়েছে সল্লুমিয়াঁকে। এবারের হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। সেই গানটিতে সলমন ও লরেন্স বিষ্ণোইয়ের নাম থাকায় হুমকি এসেছে ভাইজানের উদ্দেশ্যে। শুধুই সলমন নয়, ওই গানের গীতিকারকেও হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল রুমে আসা ওই বার্তায় বলা হয়েছে, ‘গীতিকারের হাল এমন করে দেব যে আর কোনওদিন গান লিখতে পারবে না। ক্ষমতা থাকলে ওই গান যে বা যারা লিখেছে, তাদের বাঁচিয়ে দেখান সলমন।’ সত্যি এই হুমকির পিছনে রয়েছে বিষ্ণোই গ্যাং? তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। গোটা বিষয়টি জানানো হয়েছে সলমনকেও। কিন্তু বারবার হুমকি পাওয়ার জেরে অভিনেতার নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রশাসন। বিশেষ করে দাপুটে নেতা বাবা সিদ্দিকিকে খুন করার পর থেকেই বিষ্ণোই গ্যাংকে হাল্কা ভাবে মোটেই নিচ্ছে না মুম্বই পুলিস। সেই কারণেই সলমনের নিরাপত্তা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে।



