সংবাদদাতা, বজবজ: গঙ্গায় স্নান করতে নেমে বিড়লাপুর জুটমিল ঘাটে তলিয়ে যাওয়া চার কিশোরের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। শনিবার গভীর রাতে নোদাখালির গান্ধী আশ্রমের কাছে পাওয়া যায় রণবীর শাহ ওরফে পিন্টুর (১৪) দেহ। রবিবার দুপুরে পুজালি থানার অছিপুর ঘাটের কাছে মেলে বিভাসকুমার শাহর (১৭) মৃতদেহ। বাকি দু’জনের হদিশ এখনও পায়নি উদ্ধারকারী দল। উল্লেখ্য, গত শুক্রবার রাস পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করতে গিয়ে ঘূর্ণির মধ্যে পড়ে চার কিশোর তলিয়ে গিয়েছিল। পুলিস জানিয়েছে, এদিন আরও বেশি নৌকা, ভুটভুটি ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছে। রাতের দিকেও বিভিন্ন জায়গায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আশা করা যায়, বাকি দু’জনের দেহ দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। এদিন দেহ দু’টি ময়নাতদন্তের পর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। বিড়লাপুর জুট লাইন কোয়ার্টারে দুই কিশোরের দেহ নিয়ে গেলে কান্নার রোল ওঠে এলাকায়। শোকে ভেঙে পড়েন পরিজনরা।



