Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গা নদীর ভাঙনে বিপন্ন শিবতলা ঘাট, সংস্কারে ১ কোটি ৭৯ লক্ষ দিল রাজ্য

গঙ্গা নদীর ভাঙনে বিপন্ন শিবতলা ঘাট, সংস্কারে ১ কোটি ৭৯ লক্ষ দিল রাজ্য
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়ার শিবতলায় ভাঙন কবলিত গঙ্গার ঘাট সংস্কারের জন্য প্রায় এক কোটি ৭৯ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই ঘাটে থাকা শ্মশানেই উত্তরপাড়া পুরসভার বৈদ্যুতিক চুল্লি রয়েছে। ভাঙনের জেরে শ্মশান ও বৈদ্যুতিক চুল্লির ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। এবার বরাদ্দ করা টাকা ব্যবহার করে ঘাট সংস্কার ও চুল্লির উন্নতি করার কথা বলা হয়েছে। এই ঘটনায় খুশি উত্তরপাড়া পুরসভার কর্তারা। জানা গিয়েছে, গঙ্গা ভাঙন ও শ্মশানের সমস্যা নিয়ে একাধিকবার রাজ্য সরকারের কাছে পুরসভা আবেদন জানিয়েছিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সরকার উন্নয়নের সরকার। মানুষের সমস্যা সমাধানে সেই সরকার সবসময় তৎপর। উত্তরপাড়ার গঙ্গা ভাঙন, শিবতলা ঘাটের সমস্যা মেটাতে তাই রাজ্য দ্রুত পদক্ষেপ নিয়েছে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ভদ্রকালী শিবতলার শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি সহ উন্নত পরিকাঠামোর কাজ বহু টাকা খরচ করে হয়েছিল। কিন্তু গঙ্গার ভাঙনের জেরে সেই প্রকল্পের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে। আমরা রাজ্যের পুরমন্ত্রীর কাছে সমস্যার কথা তুলে ধরেছিলাম। একাধিবার নবান্ন ও নগরোন্নয়ন দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। প্রকল্প রিপোর্ট তৈরি করে পাঠানোও হয়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সবসময় আমাদের পাশে থেকেছেন। শেষপর্যন্ত রাজ্য সরকার এক কোটি ৭৯ লক্ষ ৫০ হাজার ৪৪৫ টাকা বরাদ্দ করেছে। দ্রুত গঙ্গার ভাঙন কবলিত এলাকার নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি(কেএমডিএ) এই কাজ করবে। রাজ্য সরকার ইতিমধ্যেই মোট বরাদ্দের প্রথম দফার ৭৯ লক্ষ ৫০ হাজার ৪৪৩ টাকা দিয়ে দিয়েছে। 
Advertisement
হুগলিতে গঙ্গা ভাঙনের সমস্যা নতুন নয়। মূলত ভাঙনের সমস্যা বলাগড় ব্লকে প্রবল। পাশাপাশি মগরা ও চন্দননগরেও ভাঙনের সমস্যা আছে। কিন্তু গত পাঁচবছর ধরে শ্রীরামপুর মহকুমার বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন থাবা বসাতে শুরু করেছে। শ্রীরামপুর শহর লাগোয়া একাধিক এলাকা, উত্তরপাড়ার বালিখাল লাগোয়া অঞ্চলের পাশাপাশি ভদ্রকালীতে সে সমস্যা জটিল আকার ধারণ করতে শুরু করেছে। ফলে ক্ষতিগ্রস্ত উত্তরপাড়ার শিবতলার প্রাচীন শ্মশান লাগোয়া ঘাট। ওই এলাকাটি পুরসভা আট ও নয় নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানে পুরসভার আধুনিক বৈদ্যুতিক চুল্লি সহ শ্মশান ঘাটটি নিয়ে উদ্বেগ তৈরি হয়। অতীতে বলাগড়ে শ্মশান ঘাট তলিয়ে যাওয়ার ইতিহাস আছে। ফলে আগেভাগেই ঘাট সংস্কার ও ভাঙন রোধে সরকারের কাছে দরবার শুরু করে উত্তরপাড়া পুরসভা। পুরকর্তাদের পাশাপাশি স্থানীয় সাংসদও এ নিয়ে তদ্বির শুরু করেন। শেষপর্যন্ত নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্য সরকার ভাঙন রোধের জন্য টাকা বরাদ্দ করেছে।
সম্পর্কিত সংবাদ