অমরাবতী: আইন নিয়ে পাঠরতা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রেমিক সহ চার যুবকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই ঘটনার ভিডিও দেখিয়ে কয়েকমাস ধরেই অভিযুক্তরা ব্ল্যাকমেল করছিল নির্যাতিতাকে। লজ্জায় সোমবার ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। কোনওক্রমে তাঁর প্রাণ বাঁচান বাবা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এই ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত প্রেমিক বামসি ও তাঁর তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিস। এনিয়ে অন্ধ্রপ্রদেশের টিডিপি সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল, জগন্মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি। তাঁদের বক্তব্য, বর্তমান জোট সরকারের অযোগ্যতা ও ব্যর্থতাই এই ঘটনার জন্য দায়ী।
Advertisement
এক বছরেরও বেশি সময় ধরে ওই আইনের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বামসি। চলতি বছরের ১৩ আগস্ট বিশাখাপত্তনমের কৃষ্ণনগরে প্রেমিকাকে নিয়ে এক বন্ধুর ঘরে যায় সে। সেখানেই তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয়। আর ওই ঘটনার দৃশ্য রেকর্ড করে বামসির এক বন্ধু। অভিযোগ, এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমিক ও তাঁর তিন বন্ধু মিলে গণধর্ষণ করে নির্যাতিতাকে। এমনকী ভিডিও দেখিয়ে মাসের পর মাস তাঁকে ব্ল্যাকমেলও করতে থাকে। সোমবার আত্মহত্যার চেষ্টা করেন তরুণী। কিন্তু তাঁর বাবার সতর্কতায় প্রাণরক্ষা হয়।



