Bartaman Logo
২৭ মে, ২০২৬

গান্ধীদের জন্যই তাঁর রাজনৈতিক জীবনের উত্থান-পতন, মন্তব্য প্রাক্তন মন্ত্রী মণিশঙ্করের 

গান্ধীদের জন্যই তাঁর রাজনৈতিক জীবনের উত্থান-পতন, মন্তব্য প্রাক্তন মন্ত্রী মণিশঙ্করের 
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: তাঁর উত্থানের পিছনে রয়েছে গান্ধী পরিবারের অবদান। পতনের সঙ্গেও জড়িয়ে সেই গান্ধীরাই। এমনটাই মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার। সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কের শীতলতা নিয়ে মুখ খুলেছেন এই প্রবীণ রাজনীতিক। সেখানে পরতে পরতে ঝড়ে পড়েছে তাঁর অভিমান। মণিশঙ্করের কথায়, ‘জীবনের সবচেয়ে বড় সত্যিটা হল আমার রাজনৈতিক জীবন তৈরি হয়েছে গান্ধীদের হাতে। আর তাঁদের জন্যই রাজনৈতিক জীবন থেকে বিতাড়িত হয়েছি।’ 
Advertisement
গান্ধী পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতার খেসারতও দিতে হয়েছে বলে মনে করেন ৮৩ বছর বয়সি এই রাজনীতিক। মণিশঙ্কর বলেন, ‘১০ বছর ধরে সোনিয়া গান্ধীর সঙ্গে একান্তে কথা বলিনি। রাহুলের সঙ্গেও বেশি সময় কাটানোর সুযোগ দেওয়া হয়নি। মাত্র একবারই তাঁর সঙ্গে কথা বলেছি। এক-দু’বার ছাড়া প্রিয়াঙ্কার সঙ্গেও সময় কাটানো হয়নি।’
রাজীব গান্ধীর হাত ধরে আমলা থেকে রাজনীতিতে আসা মণিশঙ্করের। এরপর চার দশক অতিক্রান্ত। কংগ্রেসে এখন তরুণ তুর্কীদের ভিড়। সেখানে অনেকটাই ব্রাত্য মণিশঙ্কর। নরেন্দ্র মোদিকে ‘নীচ আদমি’ কটাক্ষ করে ঘরে-বাইরে বিতর্কের মধ্যে পড়েন মণিশঙ্কর। তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এই মণিশঙ্কর প্রিয়াঙ্কাকে ফোন করে রাহুলকে শুভেচ্ছা জানাতে গেলে ওয়েনাড়ের সাংসদ তখন বলেছিলেন, ‘আপনি কেন রাহুলকে সরাসরি ফোন করছেন না?’ উত্তরে মণিশঙ্কর বলেন, ‘উনি আমার নেতা। সাসপেন্ড অবস্থায় তাঁকে আমি ফোন করতে পারি না।’ প্রিয়াঙ্কা যে তাঁকে মাঝেমাঝে ফোন করেন, তা স্বীকার করেছেন তিনি। তবে সেখানেও কোথাও যেন সম্পর্কের উষ্ণতার অভাব থাকে। মণিশঙ্করের মনে হয়, কেবল কনট্যাক্ট জিইয়ে রাখতেই প্রিয়াঙ্কা তাঁকে ফোন করেন!
সাসপেনশনের পর তিনি রাহুল গান্ধীকে চিঠি লিখে তার কারণ জানতে চেয়েছিলেন। সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করা হয়নি বলে মণিশঙ্কর জানান। এই পরিস্থিতিতে তাঁর বারবার মনে হয়, প্রণব মুখোপাধ্যায়ের কথা। ২০১২ সালে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাইপাস করাতে হয়। সেই অবস্থায় দল ও সরকারকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম মানুষ ছিলেন বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায়। - ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ