সংবাদদাতা, মানকর: গলসি বাজারে একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনার কিনারা হয়নি এখনও। তাই ব্যবসায়ীরা নিরাপত্তার অভাব বোধ করছেন। এমনই অভিযোগ গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের।
Advertisement
রবিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন হয়ে গেলেও পুলিস এখনও চুরির কিনারা করতে পারেনি। শুধু কয়েকটি কম দামের মোবাইল উদ্ধার হয়েছে। পুলিস কেন এক লক্ষ টাকা বা তার বেশি দামের মোবাইল উদ্ধার করতে পারল না, সেই প্রশ্নও তুলছেন ব্যবসায়ীরা। ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মণ্ডল বলেন, চুরির কিনারা করার আবেদন জানিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে গলসি থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের কাছেও ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু কোনও কিনারা না হওয়ায় আমরা হতাশ। ব্যবসায়ীরা জানান, চুরির ঘটনার পর থেকে সকলেই আতঙ্কে রয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে একদিন বাজারে বন্ধ ডাকা হয়েছিল। সমস্ত ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশও নিয়েছিলেন। কিন্তু তারপরও প্রশাসনের টনক নড়েনি। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বেশকিছু মোবাইল উদ্ধার হয়েছে।



