নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ক্লোজড’ করার পরদিনই তড়িঘড়ি গল্ফ গ্রিন থানার ওসির পদ থেকে বদলি করা হল ইনসপেক্টর করুণাশঙ্কর সিংকে। তাঁকে সিকিউরিটি কন্ট্রোলে বদলি করা হয়েছে। বুধবার কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা এই নির্দেশ জারি করেন। এদিকে, গল্ফ গ্রিন থানার নতুন ওসি হলেন কৌশল মজুমদার। গার্ডেনরিচ থানার অ্যাডিশনাল ওসি থেকে এই পদে এলেন তিনি। অতীতে গোয়েন্দা বিভাগের প্রতারণা দমন শাখার পাশাপাশি অ্যান্টি বার্গলারি স্কোয়াডে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে, গার্ডেনরিচ থানার নতুন অ্যাডিশনাল ওসি হলেন সুমন্ত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে যাদবপুর এলাকার বাসিন্দা এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এক অবাঞ্ছিত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অপসারিত ওসি করুণাশঙ্কর সিং। তবে কী সেই বিতর্ক, তা খোলসা করেননি কলকাতা পুলিসের শীর্ষকর্তারা। লালবাজার সূত্রের খবর, ওসির ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হন পুলিস কমিশনার মনোজ ভার্মা। তার জেরেই প্রাথমিক ‘এনকোয়ারি’র ভিত্তিতে প্রথমে মঙ্গলবার লালবাজারে ‘ক্লোজড’ করা হয়েছিল ওসি করুণাশঙ্কর সিংকে। এর পরদিনই বদলি করে দেওয়া হল এই পুলিস অফিসারকে। ফলে আগামী দিনে ‘ক্লোজড’ উঠে গেলেও আর গল্ফগ্রিন থানার ওসি পদে ফেরার সম্ভবনা তাঁর নেই। এদিকে, অপসারিত ওসি করুণাশঙ্কর সিংয়ের বিরুদ্ধে কোনও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর দেননি কলকাতার সিপি থেকে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালেদ। এনিয়ে তাঁদের বক্তব্য জানতে বুধবার রাতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি ফোন করা হলেও তাঁর কোনও উত্তর আসেনি।



