Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গুলেন বারি সিনড্রোমে প্রথম মৃত্যু রাজ্যে,  প্রাণ গেল আমডাঙার দ্বাদশের ছাত্রের

গুলেন বারি সিনড্রোমে প্রথম মৃত্যু রাজ্যে,  প্রাণ গেল আমডাঙার দ্বাদশের ছাত্রের
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভিন রাজ্যে অনেকে আক্রান্ত হচ্ছেন বিরল স্নায়ুরোগ গুলেন বারি সিনড্রোম বা জিবিএসে। এবার আমডাঙার বেড়াবেড়িয়া পঞ্চায়েতের টাবাবেড়িয়ার অরিত্র মণ্ডলের (১৮) মৃত্যু হল এই রোগে। সে বারাসতের একটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর সুশান্ত মণ্ডল ও গৃহবধূ মালবিকার একমাত্র সন্তান অরিত্র। গত ২২ জানুয়ারি সে জানায়, তার গলায় ব্যথা। তা শুনে তেমন গুরুত্ব দেয়নি পরিবার। পরের দিন, ২৩ তারিখ সকালে অরিত্রর জ্বর আসে। বাড়িতে থাকা ওষুধ সে খায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে সে দু’হাতে তেমন জোর পাচ্ছিল না। ছেলেকে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চেয়ারে বসে থাকা অবস্থাতেই সে পড়ে যায়। পরে বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অরিত্রকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেলা যত গড়ায়, শরীর ততই অচল হতে শুরু করে অরিত্রর। খাওয়ার ক্ষমতাটুকু ছিল না তার। পরেরদিন, শুক্রবার স্বাভাবিক শ্বাস নেওয়ার ক্ষমতা হারালে তাকে সিসিইউয়ে স্থানান্তর করা হয়। এরপর থেকে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষঅবধি সোমবার সকালে মৃত্যু হয় ছাত্রের। মৃতের মা মালবিকাদেবী বলেন, সোমবার হাসপাতালের তরফে জানানো হয়, জিবিএসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অরিত্রর। কিন্তু কোনও রিপোর্ট আমাদের হাতে দেয়নি। শুধুমাত্র ডেথ সার্টিফিকেট দিয়েছে। তাতে জিবিএসের কথা রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ