সংবাদদাতা, বনগাঁ: সাতসকালে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। গুরুতর জখম হয়েছেন অসিত অধিকারী (৫৫)। বনগাঁর বক্সিপল্লির বাসিন্দা তিনি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় রেললাইনের পাশে। জখম অসিত অধিকারীকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিস। তবে বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
জানা গিয়েছে, বক্সিপল্লির বাসিন্দা অসিত অধিকারী মাছের ব্যবসা করতেন। কালুপুর পাঁচপোতা এলাকায় তাঁর একটি ভেড়ি রয়েছে। প্রতিদিন সেখানে যেতেন তিনি। সোমবার সকালে এক যুবককে সঙ্গে করে ভেড়িতে মাছের খাবার দিয়ে ফিরছিলেন। সেই সময় অল্পবয়সি এক যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। সূত্রের দাবি, সেই সময় অভিযুক্তকে তাড়া করেন অসিত অধিকারীর সঙ্গে থাকা যুবক। যদিও অভিযুক্ত পালিয়ে যায়। তাঁদের চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। জখম অসিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁরা। স্থানীয় সূত্রে দাবি, অতীতে খুন, ছিনতাই সহ একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে জখম অসিতের বিরুদ্ধে। যদিও বেশ কিছুদিন তাঁর বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ ওঠেনি। নিজের ব্যবসা নিয়েই থাকতেন। এদিনের ঘটনায় বনগাঁয় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের দু’টি গোষ্ঠীর লড়াই। অসামাজিক কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের ফল। বিজেপির অভিযোগ অস্বীকার করে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ২০২৬ সালে নির্বাচন। তার আগে এলাকা উত্তপ্ত করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসব করছে। এবিষয়ে বনগাঁ পুলিস জেলার পুলিস সুপার দীনেশ কুমার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি অতীতে একাধিক অসামাজিক কাজে যুক্ত ছিলেন। অনুমান, পুরনো শত্রুতায় এই ঘটনা ঘটেছে।



