পাটনা: চলন্ত গাড়িতেই গুলিবিদ্ধ হন চালক। রক্তাক্ত শরীর আর অসহ্য যন্ত্রণা। গাড়ির মধ্যে যাত্রী প্রায় ১৫ জন। কিন্তু স্টিয়ারিং থেকে হাত সরালেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। তাই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের জীবন বাঁচাতে এক মুহূর্তের জন্যও নিজের কথা ভাবেননি সন্তোষ সিং। পেটে বুলেট নিয়েই আরও কয়েক কিলোমিটার গাড়ি চালান এবং বাকিদের রক্ষা করেন। বিহারের ভোজপুর জেলার ঘটনা। শনিবার পুলিসের তরফে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন ওই গাড়িচালক।
Advertisement
মূল ঘটনাটি বুধবার গভীর রাতের। গাড়িতে ১৫ জনকে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন সন্তোষ। ঝাউন গ্রামের কাছে বাইকে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে বুলেটের ক্ষত নিয়ে এবং যন্ত্রণা উপেক্ষা করেই এগিয়ে চলেন তিনি। কারণ মাঝপথে স্টিয়ারিং ছাড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। পরে এক নিরাপদ স্থানে এসে গাড়ি থামান। এরপর অন্যান্য যাত্রী ও স্থানীয়রা তড়িঘড়ি পুলিসে খবর দেন এবং তাঁকে আরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
ইতিমধ্যেই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন জখম ব্যক্তির পরিবার। দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ওই দিন অন্য একটি গাড়িকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। ভুল করেই এই ঘটনা ঘটেছে।