ওসলো: ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামে বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ ও ম্যাগনাস কার্লসেনের দ্বৈরথ ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। তাতে হতাশ করলেন ভারতীয় তরুণ। শনিবার ৪৬ চালের লড়াইয়ে গুকেশকে পরাজিত করেন কার্লসেন। ৪২তম চালে বড় ভুল করার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি বিশ্বচ্যাম্পিয়ন।
Advertisement
এদিকে, বিশ্ব দাবা সংস্থার সঙ্গে ম্যাগনাস কার্লসেনের বিবাদ রীতিমতো চরমে। পরিস্থিতি এতটাই খারাপ যে, দশবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের মহাতারকা সাফ জানিয়ে দিলেন, ফিডে’র আয়োজিত কোনও প্রতিযোগিতায় আর খেলবেন না তিনি। শনিবার বিশ্বের এক নম্বর দাবাডুর এমন ঘোষণায় স্তম্ভিত অনেকেই। তবে দাবার বোর্ড তুলে রাখছেন না কার্লসেন। নরওয়ের দাবাড়ুর উদ্যোগেই গঠিত হয়েছে ফিডের সমান্তরাল একটি সংস্থা, যার নাম ‘ফ্রিস্টাইল চেস’। তারই প্রসার ঘটাতে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম ট্যুর আয়োজন করে তাতে অংশ নিতে চান বিতর্কিত মহাতারকা। বেশ কয়েকদিন ধরেই বিশ্ব দাবা সংস্থার সঙ্গে ঠান্ডা লড়াই চলছিল কার্লসেনের। চলতি বছরে বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ দাবা প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি।



