Bartaman Logo
২৭ মে, ২০২৬

গুজরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মৃত ৩, জখম ২

গুজরাতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মৃত ৩, জখম ২
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
আহমেদাবাদ, ২৮ নভেম্বর: গুজরাতের তারাপুর-ধর্মজ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। গুরুতর জখম আরও ২ জন। বর্তমানে তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের আনন্দ জেলা সংলগ্ন সড়কে। স্থানীয়দের দাবি, দ্রুত গতিতে থাকা সুরাতগামী ওই বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। দুর্ঘটনার জেরে অকুস্থলেই মৃত্যু হয় তিনজন বাস যাত্রীর। গুরুতর আহত হন ২ জন। সামান্য চোট পান ১৫ জন যাত্রী। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিস ও উদ্ধারকারী দলও। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে হতাহতদের বাড়ির লোকজনদেরও। নিহতরা সকলেই রাজকোটের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন ধ্রুব রুদানি (৩২), মনসুখ কোরাট (৬৭) এবং কল্পেশ জিয়ানি (৩৯)। অন্যদিকে, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে ওই বাসটির সামনের অংশ। সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার জেরে ওই এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয় বলে জানা যাচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ