Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলের বাবুপুরে রেশনে নিম্নমানের আটা বণ্টনের অভিযোগ, বিক্ষোভ

মঙ্গলবার মালদহের গাজোলের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুরে দুয়ারে রেশন প্রকল্পে গ্রাহকদের প্যাকেটজাত নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি, পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ চলে।

গাজোলের বাবুপুরে রেশনে নিম্নমানের আটা বণ্টনের অভিযোগ, বিক্ষোভ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার মালদহের গাজোলের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের বাবুপুরে দুয়ারে রেশন প্রকল্পে গ্রাহকদের প্যাকেটজাত নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি, পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ চলে। রেশন ডিলারের কর্মীদের সঙ্গে বিক্ষুব্ধদের বচসা হয়। ভালো আটা দেওয়ার দাবিতে গ্রাহকরা সরব হন। তাঁরা বালতিতে নিম্নমানের আটা জল দিয়ে গুলিয়ে প্রতিবাদে নামেন। ঘটনার জেরে দিনভর রেশন বণ্টন বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিস। খাদ্যদপ্তরের গাজোল ব্লক ইন্সপেক্টর ঋদ্ধিমান চট্টোপাধ্যায়ও সেখানে যান। বিক্ষুব্ধ গ্রাহক আশিস মণ্ডল, সনাতন মণ্ডল বলেন, এদিন একেবারেই নিম্নমানের আটা দেওয়া হয়েছে। এই আটা খাওয়ার যোগ্য নয়। আমরা সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছি। খাদ্যদপ্তরের আধিকারিক এসেছিলেন। নমুনা পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে। রেশন দোকানের ডিলার প্রমোদ ঘোষ বলেন, আটা প্যাকেটে সিল থাকে। আমরা ডিলাররা তো প্যাকেট খুলে দেখতে পারি না। প্যাকেট খোলার অধিকার নেই। কীভাবে বুঝব কোনটা ভালো আর কোনটা খারাপ। আমরা পাড়ায় পাড়ায় রেশন দিই। এদিন ওই পাড়ায় বণ্টনের কথা ছিল। বণ্টন কিছুক্ষণ বন্ধ ছিল। একাংশ গ্রাহক রেশন সামগ্রী পুকুরে ফেলে দেবেন বলে হুমকি দিচ্ছিলেন।
Advertisement
গাজোল ব্লক খাদ্যদপ্তরের ইন্সপেক্টর ঋদ্ধিমান চট্টোপাধ্যায় বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। গ্রাহকদের অভিযোগ ছিল, আটা খাওয়া যাচ্ছে না, বালি কিচ কিচ করছে। তারপর বিতরণ বন্ধ ছিল। অভিযোগের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মিলগুলি থেকে নমুনা নেওয়া হবে। সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে। গাজোল থানার পুলিস জানিয়েছে, পুলিস পাঠানো হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ