Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে প্রায় ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার

গাজোলে প্রায় ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহে ফের জালনোট উদ্ধার। এবার ঘটনাস্থল গাজোল। বৃহস্পতিবার রাতে ওই থানার ১২ নম্বর জাতীয় সড়কের কদুবাড়িতে দু’টি পৃথক বাসে অভিযান চালিয়ে প্রায় দু’লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিস। ঘটনায় মোট দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মোশারফ হোসেন (২৮) এবং নাসিম শেখ (২২)। তাদের দু’জনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে মোট ১ লক্ষ ৯৭ হাজার জালনোট পাওয়া গিয়েছে। ওই নির্দিষ্ট নোটগুলি সবই ৫০০ টাকার। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ধৃতরা ওই বিপুল জালনোট বিহারে পাচারের ছক কষছিল। এমন ঘটনার সঙ্গে বিহারের আরও একজন জড়িত রয়েছে বলে পুলিস জানতে পেরেছে। পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে গোপন সূত্রে খবর আসে মালদহ-রায়গঞ্জগামী বাসে বিপুল জালনোট কেউ বা কারা পাচারের জন্য নিয়ে যাচ্ছে। সেই মোতাবেক গাজোল থানার পুলিস কদুবাড়ি এলাকায় ঘাঁটি গাড়ে। রায়গঞ্জমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে জালনোট সমেত একজনকে ধরে। পরে একই রুটের আরও একটি বাসের যাত্রীর কাছ থেকেও জালনোট উদ্ধার করা হয়েছে।
Advertisement
গাজোল থানার পুলিস জানিয়েছে, ১ লক্ষ ৯৭ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। নোটগুলি বিহার নিয়ে যাওয়া হচ্ছিল। বৈষ্ণবনগরের দুই যুবকের কাছে জালনোটগুলি ছিল। তাদের কদুবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 
গত বৃহস্পতিবার রাতে মালদহের পারদেওনাপুর গ্রাম থেকে মোট ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছিল। সেখানেও বৈষ্ণবনগরের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ